বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ০১ আগস্ট ২০২৬

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন নতুন সিনেমা গুলশানের চামেলিতে অভিনয়ের বিষয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা করছেন।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিতব্য এই সিনেমায় তাকে একজন মানবাধিকারকর্মী ও আইনজীবীর চরিত্রে দেখা যেতে পারে।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বাঁধন বলেন, “হ্যাঁ, সিনেমাটি নিয়ে আমার সঙ্গে কথাবার্তা চলছে। আগস্টের ১ তারিখ সম্ভবত সিনেমাটির ঘোষণা আসবে। এখানে আমি একজন মানবাধিকারকর্মী, অর্থাৎ আইনজীবীর চরিত্র করছি।”

জানা গেছে, সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর জীবনকে ঘিরে। কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার নিপীড়নের শিকার হন তিনি। তার জীবনের নানা ঘটনার মধ্য দিয়ে সমাজ, রাজনীতি এবং অভিজাত শ্রেণির অন্ধকার বাস্তবতা তুলে ধরা হবে।

এর আগে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। নারীপ্রধান এই সিনেমায় তিনিই মূল চরিত্রে অভিনয় করবেন।

প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে নির্মিত এই ছবিতে কোনো প্রচলিত নায়ক থাকছে না; বরং একজন নারীর সংগ্রাম, বেঁচে থাকা এবং প্রতিরোধের গল্পই হবে কাহিনির মূল উপজীব্য।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে বাংলাদেশে শুরু হবে ‘গুলশানের চামেলি’র শুটিং। নির্মাতারা জানিয়েছেন, ১ আগস্ট সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
