হাফ ভাড়া দিতে চাওয়ায় ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে নীলাচল পরিবহনের এক হেলপারের দুর্ব্যবহার ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
শনিবার (২১ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে ইডেন মহিলা কলেজের মূল ফটকের সামনে বাসগুলো আটক করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের এক শিক্ষার্থী বাসে উঠে হাফ ভাড়া দিতে চাইলে নীলাচল পরিবহনের এক হেলপার তা নিতে অস্বীকৃতি জানান। এ সময় তিনি ওই শিক্ষার্থীর সঙ্গে অপমানজনক আচরণ করেন এবং বাস থেকে নেমে যেতে বলেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাল্গুনী। তিনি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, গত ২০ নভেম্বর ফাল্গুনীর সঙ্গে বাসের এক হেলপারের বাক্বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হাফ ভাড়া দিতে চাওয়ায় ওই শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করছেন বাসের হেলপার। একপর্যায়ে তাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এখন আপনি বাস থেকে নেমে যান।’ পরে আরও অসম্মানজনক ভাষায় বলেন, ‘তুই নামবি, তোর বাপ নামবে।’
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আলিফা রামী বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই হাফ ভাড়া দিয়ে আসছেন। নীলাচল পরিবহনেও পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু আইডি কার্ড দেখানোর পরও একজন নারী শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, ঘটনার ভিডিও এবং অভিযুক্ত হেলপারের ছবি শিক্ষার্থীদের কাছে রয়েছে। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলিফা রামী জানান, বাস মালিক কর্তৃপক্ষকে লিখিতভাবে নিশ্চয়তা দিতে হবে, ভবিষ্যতে কোনো নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হলে এর দায়ভার তারা নেবে। একই সঙ্গে বাসচালক ও হেলপারদের যাত্রীদের সঙ্গে শোভন আচরণের বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, শুধু নীলাচল পরিবহন নয়, ভিআইপি ও মৌমিতা পরিবহনসহ সব বাস কর্তৃপক্ষের কাছেই শিক্ষার্থীদের একই দাবি। গত বছর মৌমিতা পরিবহনেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি। গণপরিবহনে নারীদের সঙ্গে এমন আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ চান শিক্ষার্থীরা।
এদিকে আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, গণপরিবহনে মেয়েদের সঙ্গে প্রায়ই এ ধরনের দুর্ব্যবহার করা হয়। অনেক শিক্ষার্থী লজ্জা কিংবা ভয়ের কারণে প্রতিবাদ করতে পারেন না। আর সেই সুযোগেই বাসের কর্মীরা এমন আচরণ করার সাহস পান। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকানো এবং ঘটনার প্রতিবাদ জানাতেই বাসগুলো আটক করা হয়েছে বলে জানান তিনি।
শিক্ষার্থীরা জানান, এ ঘটনায় পুলিশ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং হল সুপাররা তাদের পাশে রয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বাস মালিক কর্তৃপক্ষের কাছে নিজেদের দাবি তুলে ধরবেন তারা। এ সময় প্রায় ১০টি বাস আটক রাখা হয়েছে।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল বলেন, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের অভিযোগ শুনতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








