ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের লকডাউনের প্রস্তুতি ঘিরে সহিংসতায় রাজু মোল্লা (৩৫) নামে কৃষক দলেন এক নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ঢাকা–বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত রাজু মোল্লা (৩৪) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসমর্থকরা। ওই মিছিল থেকে স্থানীয় হামিরদীতে অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় রাজু মোল্লার ওপর হামলা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। পরে তারা পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, ‘‘রাজুকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছে।’’
কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘‘ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজুকে তারা রাস্তায় একা পেয়ে তার উপরে হামলা করে। তাকে পিটিয়ে ও ককটেল মেরে হত্যা করে।’’
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর বলেন, ‘‘নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা–বরিশাল মহাসড়কে রাত ৯টা থেকে রাত সোয়া ১০টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।’’



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









