আজ ২০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিন। এবারের জন্মদিন তাঁর ব্যক্তিগত জীবনের একটি বিশেষ উপলক্ষ হওয়ার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গেও সম্পৃক্ত। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, নির্যাতন, নির্বাসন, স্বদেশ প্রত্যাবর্তন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ- সব মিলিয়ে তাঁর রাজনৈতিক জীবনের পথপরিক্রমা নানা চড়াই-উতরাইয়ে পূর্ণ।
তারেক রহমানের রাজনৈতিক জীবনের সূচনা বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে। রাজনীতির শুরু থেকেই তিনি তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেন। দেশের বিভিন্ন অঞ্চল সফর, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি রাজনৈতিক পরিচিতি অর্জন করেন। পরবর্তী সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর রাজনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তৃণমূলের ক্ষমতায়ন। কেন্দ্রনির্ভর রাজনীতির পরিবর্তে স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ত করে সংগঠনকে শক্তিশালী করার প্রচেষ্টা তাঁর রাজনৈতিক পথচলায় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। রাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর আগ্রহের প্রতিফলন ঘটে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
‘একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সফলতা’- এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠানটি বিজ্ঞান চর্চা, কৃষি, পরিবেশ, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে। এই উদ্যোগের অন্তর্নিহিত গুরুত্বপূর্ণ দর্শনটি হলো রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে অবদান রাখা।
তারেক রহমানের রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত ও বেদনাবিধুর অধ্যায়গুলোর একটি ২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী সময়। সে সময় তিনি গ্রেফতার হন এবং দীর্ঘদিন কারাবন্দি থাকেন। কারাবন্দি অবস্থায় তিনি নির্মম শারীরিক নির্যাতনের শিকার হন। ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় তাঁকে প্রবাসে নির্বাসিত জীবন কাটাতে হয়। প্রবাসজীবন তাঁর রাজনৈতিক জীবনে এক নতুন বাস্তবতা তৈরি করেছিল। দেশের বাইরে অবস্থান করেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন এবং ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন।
২০২৫ সালের ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসন শেষে তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ছিল বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের তথা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আবেগঘন মুহূর্ত। ঢাকার ঐতিহাসিক জনসমাবেশে তাঁর ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বক্তব্যটি ব্যাপক আশার জন্ম দেয়। স্বদেশ প্রত্যাবর্তনের মাত্র পাঁচ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর, মাকে হারানোর গভীর শোক তাঁকে স্পর্শ করে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়। ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ তাঁর জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে।
সরকার গঠনের পর নির্বাচনী ইশতেহার এবং বিএনপির রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক ৩১ দফায় ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার উদ্যোগগুলো জনজীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এসব কর্মসূচির যথাযথ বাস্তবায়ন সম্ভব হলে সামাজিক সুরক্ষা, কৃষকের আর্থিক সক্ষমতা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো, আগামী প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং চাকরিদাতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা।
এ লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা অর্জন, তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্ক জোরদার করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল জ্ঞান বিতরণের কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোক্তা তৈরির কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও জ্ঞানকে শিল্প ও কৃষি খাতে ব্যবহারযোগ্য করে তোলার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং তরুণ উদ্ভাবকদের জন্য সহজ অর্থায়ন ও নীতিগত সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তারেক রহমানের সামনে আজ একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা, জনগণের নির্বাচনী ম্যান্ডেট এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব- এই তিনটি বিষয়কে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। জন্মদিনে আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে তরুণদের কর্মসংস্থানের জন্য বিদেশমুখী হওয়াই একমাত্র পথ হবে না; বরং দেশেই উদ্যোক্তা হওয়া, গবেষণা করা এবং উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববাজারে প্রতিযোগিতা করার সুযোগ তৈরি হবে। কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন, শ্রমিক পাবেন মর্যাদা ও ন্যায্য অধিকার, নারী পাবেন নিরাপদ ও সমান সুযোগ এবং প্রতিটি নাগরিক পাবেন আইনের সমান সুরক্ষা।
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, প্রযুক্তি ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ এগিয়ে যাবে আত্মমর্যাদা ও আত্মনির্ভরতার ভিত্তিতে। ২৫ ডিসেম্বরের সেই ঐতিহাসিক জনসমুদ্রে উচ্চারিত ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ কথাটির প্রকৃত সার্থকতা তখনই প্রমাণিত হবে, যখন সেই পরিকল্পনা বাস্তবায়নের সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জীবনেও দৃশ্যমান হবে। প্রত্যাশার সঙ্গে বাস্তবতার সমন্বয় ঘটিয়ে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে তাঁর নেতৃত্বের সবচেয়ে বড় অর্জন।
নির্দেশনা অনুসারে বরাবরের মতোই এবারেরও জন্মদিন উদ্যাপিত হচ্ছে সাদামাটাভাবে। এই উপলক্ষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইউনিটসমূহ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজন এবং অসহায় ও এতিমদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। জন্মদিনের আনন্দকে মানবিক সেবার সঙ্গে যুক্ত করার ইউট্যাব-এর এই উদ্যোগ প্রশংসনীয়।
জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে সফলতা কামনা করছি। আমাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। রাজনৈতিক বিভাজন পেছনে ফেলে প্রতিষ্ঠিত হবে একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ। বাংলাদেশ আর পথ হারাবে না- এই হোক আমাদের সম্মিলিত প্রত্যয়, অঙ্গীকার ও আগামীর স্বপ্ন।
লেখক : সেমিনার বিষয়ক সহ-সম্পাদক, ইউট্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটি; সাধারণ সম্পাদক, ইউট্যাব সিকৃবি ইউনিট; আজীবন সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








