দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে আনসার সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে একত্রিত হন। পরে কয়েকটি দলে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনবহুল এলাকায় দায়িত্ব পালনের জন্য ছড়িয়ে পড়েন।
ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, আনসার বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সী বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট এবং সদরপুর-চরভদ্রাসন পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তায় সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা কমান্ডার আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও প্রতিরোধে আনসার সদস্যরা প্রস্তুত থেকে দায়িত্ব পালন করছেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









