সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরামর্শ পাচ্ছেন রোগীরা। চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা কিংবা দ্রুত সেবা পাইয়ে দেওয়ার কথা বলে তাঁদের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে এমন অভিযোগে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের দাবি, হাসপাতাল এলাকায় সক্রিয় একটি দালালচক্রের কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা।
স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের লক্ষ্য করে একটি চক্র দীর্ঘদিন ধরে তৎপরতা চালাচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকা থেকে আসা সহজ-সরল ও অসচ্ছল রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টা করা হয়। এতে রোগীদের চিকিৎসাব্যয় বাড়ার পাশাপাশি তাঁরা বিভ্রান্তির শিকার হচ্ছেন।
হাসপাতালের আশপাশে একাধিক বেসরকারি প্রতিষ্ঠান
সরেজমিনে দেখা গেছে, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে একাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এর মধ্যে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, উদ্দীপন পয়েন্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও রামগঞ্জ ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার উল্লেখযোগ্য।
অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের কিছু কর্মী বা প্রতিনিধি হাসপাতাল এলাকায় রোগীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেন। তবে এসব প্রতিষ্ঠানের সব কর্মী এ ধরনের কর্মকাণ্ডে জড়িত—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
২০-২৫ জনের চক্র সক্রিয় থাকার অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল চত্বরে ২০ থেকে ২৫ জনের একটি চক্র সক্রিয় রয়েছে। তাঁদের মধ্যে ফারুক হোসেন, নুরনবী, বিল্লাল হোসেন, মিঠন দাস, জুয়েল, সবুজ, বাশার ও কাজী ছালেহ আহম্মদের নাম উল্লেখ করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, চক্রের সদস্যরা চিকিৎসকের কক্ষের সামনে অবস্থান নিয়ে রোগীদের ব্যবস্থাপত্র বা স্লিপ হাতে নেওয়ার চেষ্টা করেন। পরে বিভিন্ন অজুহাতে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরামর্শ দেন।
সম্প্রতি হাসপাতাল এলাকায় সরেজমিনে কয়েকজন ব্যক্তিকে রোগীদের সঙ্গে যোগাযোগ করতে এবং বেসরকারি প্রতিষ্ঠানে যাওয়ার পরামর্শ দিতে দেখা যায়। লামচর ইউনিয়নের মধ্য দরবেশেপুর এলাকার সহিদা বেগম (৫৫) নামের এক রোগী চিকিৎসা নিতে এসে এক ব্যক্তির কাছ থেকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর প্রস্তাব পান। ওই ব্যক্তি নিজেকে একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, এ ধরনের তৎপরতায় রোগীরা সরকারি হাসপাতালের সেবা সম্পর্কে বিভ্রান্ত হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোথায় পরীক্ষা করানো প্রয়োজন, তা না বুঝে কেউ কেউ বেসরকারি প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন। এতে তাঁদের অতিরিক্ত অর্থ ব্যয়ের আশঙ্কা তৈরি হচ্ছে।
লাইসেন্স ও দূরত্ব নিয়ে প্রশ্ন
স্থানীয়দের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ থেকে ৫০ গজের মধ্যে অন্তত চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াগনস্টিক, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এবং রামগঞ্জ ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার।
এসব প্রতিষ্ঠানের লাইসেন্স, অনুমোদন ও নবায়নের অবস্থা এবং সরকারি হাসপাতালের নির্ধারিত দূরত্বসংক্রান্ত বিধিনিষেধ মানা হচ্ছে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্য
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, উদ্দীপন পয়েন্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও রামগঞ্জ ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকেরা দাবি করেন, তাঁদের প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। লাইসেন্স নবায়নের জন্য আবেদন করা হয়েছে। প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী মার্কেটিংয়ের কাজ করলেও তাঁরা হাসপাতাল থেকে রোগী নিয়ে আসেন না বলে জানান।
দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খোন্দকার মোস্তফা আহমেদ হাসপাতাল এলাকায় দালালচক্র সক্রিয় থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, হাসপাতাল প্রাঙ্গণে রোগীদের হয়রানি ও প্রতারণা বন্ধে কর্তৃপক্ষ তৎপর রয়েছে। এ চক্রের বিরুদ্ধে শিগগিরই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নজরদারি ও তদন্তের দাবি
সচেতন মহলের দাবি, হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের তৎপরতা বন্ধে শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ প্রয়োজন। হাসপাতালের ভেতরে ও আশপাশে নিয়মিত নজরদারি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স, অনুমোদন ও কার্যক্রম যাচাই করতে হবে। রোগীদের হয়রানি বা প্রতারণার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের মতে, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসাসেবার নির্ভরতার জায়গা। সেখানে চিকিৎসা নিতে আসা মানুষ যেন কোনো দালালের প্ররোচনায় বিভ্রান্ত না হন এবং সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









