ট্রাম্প ও পুতিন যখন নিজেদের যুদ্ধের পরিণতি নিজেদের অনুকূলে আনতে হিমশিম খাচ্ছেন, তখন সংযমের কূটনীতির মাধ্যমে বিশ্বরাজনীতিতে প্রভাব বাড়াচ্ছে চীন।
শেনজেনে শি জিন পিং, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার আগেই বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছিল, এটি কি ‘ইয়াল্টা ২.০’ হতে যাচ্ছে? অর্থাৎ তিন পরাশক্তি কি আবারও বিশ্বকে নিজেদের মধ্যে ভাগ করে নেবে, আর ছোট দেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করবে?
এক সাংবাদিক পুতিনকে এ প্রশ্ন করলে রুশ প্রেসিডেন্ট কিছুক্ষণ থেমে মাথা নাড়েন। অন্যদিকে শি জিন পিং তিন দেশকে ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ পরিত্যাগ করার আহ্বান জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিন দেশের একসঙ্গে লড়াইয়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘বড় দেশগুলো যখন সম্প্রীতির সঙ্গে বসবাস করে, তখন বিশ্বে শান্তি থাকে। আর বড় দেশগুলোর মধ্যে সংঘাত দেখা দিলে বিশ্ব অস্থির হয়ে ওঠে।’
বৈঠক শেষে বিশ্ব ভাগাভাগির কোনো চুক্তি নয়, বরং প্রকাশিত হয় ‘চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্র শান্তি ঘোষণা’। তবে বৈঠকটি তিন নেতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্যও সামনে নিয়ে আসে। দুই নেতা এমন দুটি যুদ্ধে জড়িয়ে আছেন, যার কোনো সন্তোষজনক পরিণতি তারা এখনো নিশ্চিত করতে পারেননি। তৃতীয় নেতা কোনো যুদ্ধেই জড়াননি। অন্য দুই দেশের যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার মতো ক্ষমতা বেইজিংয়ের রয়েছে। কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে চীন।
শেনজেনে ট্রাম্প এসেছিলেন এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তার দল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ চলে গেছে ডেমোক্র্যাটদের হাতে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে তার প্রশাসন, যার চূড়ান্ত বিজয় নিশ্চিত করা কঠিন। ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাত তেল ও জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি করেছে। ইয়েমেনের হুতি গোষ্ঠীও এতে জড়িয়ে পড়েছে, ব্যাহত হয়েছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল।
একটি বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্প তখন আর ভোটের হিসাব নিয়ে ব্যস্ত ছিলেন না; বরং নিজের মেয়াদের শেষ দিকে কিছু সাফল্য দেখানোর চেষ্টা করছিলেন। তার সামনে বিকল্পও ক্রমেই কমে আসছিল।
অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে এসে পুতিনও চাপের মুখে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক বিচ্ছিন্নপ্রায়, আর দেশটির অর্থনীতিও গতি হারাচ্ছে। শেনজেন বৈঠকের আলোচ্যসূচিতে ছিল ইউক্রেন যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগেই তিন নেতা এ বিষয়ে আলোচনা করেন।
যুদ্ধ বন্ধে দায়িত্বপ্রাপ্ত মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের পরিস্থিতি জানাতে বার্লিনে যান। ইউরোপীয় নেতারা স্পষ্ট করে দিয়েছিলেন, যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণের আলোচনায় তাদের বাদ দেওয়া যাবে না।
বার্লিনে মার্কিন দূতদের কাছ থেকে আলোচনার বিবরণ পাওয়ার অপেক্ষায় থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বিষয়টি পরিষ্কার করে বলেন, ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনকে সঙ্গে নিয়ে, আর ইউরোপের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ইউরোপকে সঙ্গে নিয়ে। অর্থাৎ শেনজেনে যে সমঝোতাই হোক না কেন, যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত পক্ষগুলোর দাবি ও অবস্থানকে পাশ কাটিয়ে তা বাস্তবায়ন করা সম্ভব নয়।
ইউক্রেন যুদ্ধে চীনের ‘গঠনমূলক নিরপেক্ষতা’
ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের অবস্থান বুঝতে হলে দেশটির একটি যুক্তি বিবেচনায় নেওয়া প্রয়োজন। চীনা কর্মকর্তারা প্রায়ই প্রশ্ন তোলেন, রাশিয়াকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিলে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কি আজকের মতো থাকত? তাদের বক্তব্য, চীন যদি রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা দিত, তাহলে যুদ্ধের গতিপথ অন্য রকম হতে পারত।
কৌশলবিদেরা চীনের এই অবস্থানকে বলছেন ‘গঠনমূলক নিরপেক্ষতা’। তাদের যুক্তি, যুদ্ধে সরাসরি কোনো পক্ষ নেওয়া হলে সংঘাত আরও বিস্তৃত হতে পারত। অন্যদিকে চীনের নির্দিষ্ট কিছু সীমারেখা রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে এগোনোর ঝুঁকি কমিয়েছে। চীনের এই কূটনৈতিক অবস্থানের মধ্যেও যুদ্ধ থেমে থাকেনি। তিন নেতা যখন শেনজেনে বৈঠক করছিলেন, তখন রাশিয়ার ড্রোন ইউক্রেনের খারকিভে হামলা চালায়। পাল্টা জবাবে ইউক্রেন তাতারস্তানের তেল স্থাপনায় হামলা করে এবং এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো কের্চ সেতুকে লক্ষ্যবস্তু করে। এসব ঘটনা দেখিয়ে দেয়, ইউক্রেন যুদ্ধের ভাগ্য কূটনৈতিক বৈঠকের টেবিলে নয়, বরং যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হচ্ছে। সে কারণেই শেনজেনের একটি কক্ষে বসে তিন নেতার পক্ষে যুদ্ধের ভবিষ্যৎ নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া সম্ভব নয়।
পারমাণবিক আলোচনায়ও চীনের নিজস্ব শর্ত
অন্য পরাশক্তির শর্তে কোনো দায়বদ্ধতা মেনে নিতে চীনের অনীহা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনাতেও স্পষ্ট। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রাশিয়া ও চীনকে নিয়ে ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। কিন্তু সমান শর্তে এ ধরনের চুক্তিতে অংশ নিতে রাজি নয় বেইজিং।
চীনের হাতে আনুমানিক ৬২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের হাতে রয়েছে প্রায় ৫ হাজার করে। দুই পক্ষের অস্ত্রভান্ডারের এই বিশাল ব্যবধানকে সামনে রেখেই সমান শর্তে আলোচনায় বসতে আপত্তি জানিয়ে আসছে চীন।
শেনজেন বৈঠকে তিন নেতা যে ঘোষণা দিয়েছেন, তাতে জাতিসংঘের সংস্কার, পরিশোধিত তেলের সরবরাহ আরও কার্যকর করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার প্রয়োগের কথিত অপব্যবহারের বিরোধিতার বিষয়গুলো স্থান পেয়েছে। পাশাপাশি তারা ঘোষণা করেছেন, পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়।
সমালোচকেরা ঘোষণাটিকে বলেছেন, তিন দেশের মধ্যে ন্যূনতম যে বিষয়ে ঐকমত্য সম্ভব, তারই প্রতিফলন। বিষয়বস্তুর সীমাবদ্ধতা নিয়ে তাদের সমালোচনা অমূলক নয়। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ: বেইজিং নিজের শর্তে দুই পরাশক্তিকে একই আলোচনার টেবিলে আনতে পেরেছে, অথচ বিশ্ব ভাগাভাগির কোনো চুক্তিতে সম্মতি দেয়নি।

যুক্তরাষ্ট্রের জায়গায় চীন?
আজকের চীন এমন এক অবস্থানে পৌঁছেছে, যা ১৯১৪ সালের আগে এবং আবার ১৯৩৯ সালের আগে যুক্তরাষ্ট্রের ছিল। তখন যুক্তরাষ্ট্রের সংযম ও সরাসরি যুদ্ধে না জড়ানোর অবস্থান বিশ্বরাজনীতির হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন চীনের ক্ষেত্রেও অনেকটা তা-ই দেখা যাচ্ছে। দেশটির সামরিক শক্তির চেয়ে অনেক ক্ষেত্রে তার সংযমই অন্যদের সিদ্ধান্ত ও কৌশলের ওপর প্রভাব ফেলছে।
চীনের শক্তির ভিত্তি অবশ্যই বাস্তব। ক্রয়ক্ষমতার সমতা বিবেচনায় দেশটি বিশ্বের বৃহত্তম অর্থনীতি। দেশটির উৎপাদনশিল্পের সক্ষমতা জি৭-ভুক্ত সাতটি দেশের সম্মিলিত সক্ষমতার কাছাকাছি। সামরিক সক্ষমতারও বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বেইজিং। বর্তমানে চলমান বিভিন্ন সংঘাতের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা চীনের রয়েছে। ইউক্রেন যুদ্ধ, ইরানকে ঘিরে সংঘাত কিংবা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া অস্থিরতা—প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনোভাবে বেইজিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
শেনজেনে ট্রাম্পকে চীন যেভাবে অভ্যর্থনা জানিয়েছে, তা-ও তাৎপর্যপূর্ণ। দেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিসরে রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানে থাকা ট্রাম্পকে দেওয়া হয়েছে বিশেষ মর্যাদা। বিমানবন্দরে অভ্যর্থনা, দলীয় ছবিতে সামনের সারিতে আসন এবং রাষ্ট্রীয় নৈশভোজ—সব আয়োজনেই তাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
কেউ কেউ একে এমনভাবে ব্যাখ্যা করেছেন, যেন শক্তিশালী আয়োজক দুর্বল অতিথিকে নিজের সামনে নতজানু করেছে। কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। বরং দুর্বল অবস্থানে থাকা অতিথিকেই এখানে মঞ্চ করে দেওয়া হয়েছে। ট্রাম্পকে মর্যাদা দেওয়ার অর্থ চীনের আত্মসমর্পণ নয়। বেইজিং জানে, নিজের প্রভাব ও দর-কষাকষির ক্ষমতা অক্ষুণ্ন রেখেও এমন সৌজন্য দেখানো সম্ভব।
তবে চীনও দুর্বলতামুক্ত নয়। দেশটির চারপাশে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। আবাসন খাত এখনো সংকট কাটিয়ে উঠতে পারেনি। তরুণদের কর্মসংস্থান বড় সমস্যা হয়ে আছে। একই সঙ্গে সামরিক বাহিনীর অভ্যন্তরে দুর্নীতির অভিযোগ ও তার প্রভাব নিয়েও বেইজিংকে ভাবতে হচ্ছে।
এসব বাস্তবতার কারণেও চীন হয়তো নিজের প্রভাব অবাধে প্রয়োগ করতে চাইছে না। অতিরিক্ত শক্তি প্রদর্শন করলে নিজের সীমাবদ্ধতাগুলোও প্রকাশ হয়ে পড়তে পারে—এমন হিসাব দেশটির কৌশলগত সংযমের পেছনে কাজ করছে।
ছোট দেশগুলোর জন্য কি স্বস্তির বার্তা?
‘ইয়াল্টা’ তত্ত্বে ধরে নেওয়া হয়, বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে ছোট দেশগুলোর ভাগ্য নির্ধারণ করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ অঞ্চলের ছোট অর্থনীতিগুলো বরং চীনের সংযম থেকে কিছুটা সুবিধা পেতে পারে। বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় থাকলে তাদের জন্যও স্থিতিশীলতার সুযোগ তৈরি হয়। অথচ এই সংযমের কূটনীতি নিয়ে আলোচনায় তাদের কোনো ভূমিকা ছিল না।
এটিকে আধিপত্য বলা কিছুটা অদ্ভুতই মনে হতে পারে। ইয়াল্টায় বড় শক্তিগুলো বিশ্বকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল, পরে সেই বিশ্বব্যবস্থা নিয়েই তাদের মধ্যে সংঘাত তৈরি হয়। শেনজেনের পরিস্থিতি ছিল ভিন্ন। সেখানে এমন দুই নেতা উপস্থিত ছিলেন, যারা নিজেদের যুদ্ধের সমাধান খুঁজে পাচ্ছেন না। তাদের সামনে ছিলেন এমন একজন নেতা, যিনি চাইলে যুদ্ধগুলোর ভারসাম্য বদলে দিতে পারতেন, কিন্তু তা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
বৈঠকে শি জিন পিং বলেছেন, আলোচনায় বপন করা বীজ একদিন ফল দেবে। তবে এটি কোনো অর্জিত সাফল্যের ঘোষণা নয়; বরং ভবিষ্যৎ নিয়ে তার একটি বাজি।
‘ইয়াল্টা ২.০’ তকমাটি টিকে আছে, কারণ এটি বিশ্বরাজনীতির একটি আকর্ষণীয় গল্প তৈরি করে। কিন্তু শেনজেনে যে বাস্তবতা দেখা গেছে, তা কোনো একক শক্তির হাতে পরিচালিত বিশ্বব্যবস্থা নয়। বরং সেখানে তৈরি হচ্ছে একধরনের ভারসাম্য, যেখানে শক্তিশালী দেশগুলোও নিজেদের সীমাবদ্ধতা বিবেচনায় নিতে বাধ্য।
শি জিন পিংয়ের সবচেয়ে বড় শক্তি হয়তো সেখানেই—তিনি কোন যুদ্ধে জড়াবেন না, কোন সংঘাতে সরাসরি পক্ষ নেবেন না এবং অন্যদের নির্ধারিত শর্তে কোনো যুদ্ধের অবসান ঘটাতে রাজি হবেন না। অনেক সময় কিছু না করার সিদ্ধান্তই বিশ্বরাজনীতিতে সবচেয়ে বড় প্রভাব তৈরি করতে পারে



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








