পেঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত পাবনা। পেঁয়াজ উৎপাদনের পাশাপাশি ধানসহ বিভিন্ন রবিশস্য আবাদেও দেশের অন্যতম সম্ভাবনাময় কৃষি অঞ্চল এই জেলা। তবে গত মৌসুমে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য না পেয়ে লোকসান গুনতে হয়েছে অনেক কৃষককে। এরপরও থেমে নেই তাঁদের চাষাবাদ। পুরোনো লোকসানের অভিজ্ঞতা পেছনে ফেলে নতুন স্বপ্ন নিয়ে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। তবে উৎপাদন খরচ বাড়ায় এবারও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে তাঁদের মধ্যে রয়েছে শঙ্কা।
জেলার বিভিন্ন উপজেলার মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও জমি প্রস্তুত করে সারি সারি পেঁয়াজ রোপণ করছেন কৃষকরা, কোথাও আবার রোপণ করা জমিতে গজাতে শুরু করেছে পেঁয়াজের চারা। কেউ জমি তৈরি করছেন, কেউ বীজ রোপণ করছেন, আবার কেউ ব্যস্ত পরিচর্যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠজুড়ে চলছে কৃষকদের কর্মব্যস্ততা। বিশেষ করে সদর, সুজানগর, বেড়া ও সাঁথিয়াসহ পেঁয়াজ উৎপাদনপ্রবণ উপজেলাগুলোতে আগাম মুড়িকাটা পেঁয়াজের আবাদ ঘিরে দেখা দিয়েছে ব্যাপক কর্মচাঞ্চল্য।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া মুড়িকাটা পেঁয়াজ রোপণ কার্যক্রম চলবে নভেম্বরের শেষ পর্যন্ত। আবহাওয়া অনুকূলে থাকলে জানুয়ারি মাসের মধ্যেই অধিকাংশ আগাম পেঁয়াজ ঘরে তুলতে পারবেন তাঁরা। স্বল্প সময়ে ফসল উৎপাদন এবং বাজারে আগাম পেঁয়াজের চাহিদার সুযোগ কাজে লাগাতেই এই আবাদে ঝুঁকছেন কৃষকরা। তবে ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে তাঁদের উদ্বেগ কাটছে না।
কৃষকদের অভিযোগ, সার সংগ্রহে ভোগান্তি, বীজ ও কীটনাশকের দাম, জ্বালানি তেলের মূল্য এবং শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে বেড়েছে উৎপাদন খরচ। তাঁদের হিসাবে, গত মৌসুমের তুলনায় এবার বিঘাপ্রতি আবাদ খরচ ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো ফলন পেলেও বাজারে ন্যায্যমূল্য না পেলে আবারও লোকসানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৮ হাজার ৯৩০ হেক্টর জমিতে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পাবনা সদরে ১ হাজার ৭১৬, আটঘরিয়ায় ৩৬০, ঈশ্বরদীতে ৮১১, চাটমোহরে ৪৪০, ভাঙ্গুড়ায় ৪০, ফরিদপুরে ৩৫৫, বেড়ায় ২ হাজার, সাঁথিয়ায় ১ হাজার ৬১৩ এবং সুজানগরে ১ হাজার ৫৮৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এসব জমি থেকে মোট ১ লাখ ৩৯ হাজার ৯৩২ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
ইতোমধ্যে জেলার সদর, সুজানগর ও বেড়া উপজেলার চরাঞ্চলসহ পেঁয়াজ চাষের উপযোগী বিভিন্ন এলাকায় রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আগাম মুড়িকাটা পেঁয়াজ বাজারে এলে নতুন মৌসুমের শুরুতে সরবরাহ বাড়বে এবং ভোক্তাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চরতারাপুর এলাকার কৃষক বারেক জোয়ারদার দৈনিক এদিনকে জানান, গত বছরের তুলনায় এবার পেঁয়াজের বীজের দাম মণপ্রতি ৫০০ থেকে ৮০০ টাকা কমেছে। তবে বীজের আকার বড় হওয়ায় জমিতে রোপণের জন্য পরিমাণে বেশি বীজ প্রয়োজন হচ্ছে। ফলে বীজের দাম কিছুটা কমলেও মোট উৎপাদন খরচে তেমন স্বস্তি মিলছে না। তিনি বলেন, শুধু ভালো ফলন হলেই হবে না, বাজারে পেঁয়াজের ন্যায্যমূল্য পেলেই কৃষকের মুখে হাসি ফুটবে।
সাঁথিয়া উপজেলার ধোপাদহ এলাকার চাষি সাইফুল ইসলাম জানান, এক বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষ করতে জমি চাষে ৩ হাজার, সারে ১০ হাজার, ১০ মণ বীজে ৩০ হাজার, রোপণ শ্রমিকের মজুরিতে ৬ হাজার ৪০০, সেচে ৩ হাজার, কীটনাশকে ৫ হাজার এবং নিড়ানিতে ৩ হাজার টাকা খরচ হচ্ছে। সব মিলিয়ে বিঘাপ্রতি উৎপাদন ব্যয় প্রায় ৬০ হাজার ৪০০ টাকা। অন্যদিকে বর্গাচাষিদের জমি ভাড়া বাবদ আরও প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়। ফলে তাঁদের মোট উৎপাদন ব্যয় দাঁড়ায় ৯০ হাজার টাকারও বেশি। শেষ পর্যন্ত লাভ-লোকসান নির্ভর করছে বাজারে পেঁয়াজের দামের ওপর।
সুজানগর উপজেলার হাটখালী গ্রামের কৃষক আব্দুল মালেক জানান, গত বছর সরকারি নির্ধারিত দামে কিছু সার পাওয়া গেলেও এবার প্রয়োজন অনুযায়ী সার সংগ্রহ করতে পারেননি তাঁরা। বাধ্য হয়ে খুচরা বাজার থেকে প্রতি বস্তা ডিএপি সার ২ হাজার ২০০ টাকা দিয়ে কিনতে হয়েছে। পাশাপাশি বেড়েছে শ্রমিকের মজুরিও। আগে যেখানে একজন শ্রমিকের মজুরি ছিল ৬০০ টাকা, এখন দিতে হচ্ছে ৭০০ টাকা। তিনি আরও জানান, বর্তমানে বাজারে দেড় হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে বীজ পাওয়া গেলেও আবাদের সময় প্রতি মণ বীজ কিনতে হয়েছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। এতে উৎপাদন খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, চারা বা হালি পেঁয়াজ বাজারে আসার আগে ভোক্তাদের চাহিদা পূরণে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যেই জেলার সব উপজেলায় কৃষকদের এই পেঁয়াজ চাষে উৎসাহিত করা হচ্ছে।
উৎপাদন খরচ ও সার ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এক বিঘা জমিতে নির্ধারিত মাত্রা অনুযায়ী সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের সুষম সার প্রয়োগ, সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে নিয়মিত পরামর্শ দিচ্ছেন।
তিনি আরও বলেন, প্রয়োজনের অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করলে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি পেঁয়াজের গুণগত মান ও সংরক্ষণক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক কৃষক বেশি ফলনের আশায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি সার ব্যবহার করেন। এতে প্রত্যাশিত সুফল না পেয়ে উল্টো লোকসানের ঝুঁকি বাড়ে। সুষম সার ব্যবস্থাপনা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চাষাবাদ করলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি মানসম্মত পেঁয়াজ উৎপাদন সম্ভব।
সব মিলিয়ে আগাম মুড়িকাটা পেঁয়াজের আবাদ ঘিরে পাবনার কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে বাড়তি উৎপাদন খরচ, সার সংকট এবং বাজারদরের অনিশ্চয়তা সেই আশার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের প্রত্যাশা, উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বাজার ব্যবস্থাপনা ও কৃষিপণ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এতে লোকসানের বৃত্ত ভেঙে পেঁয়াজ চাষে আবারও লাভের মুখ দেখতে পারবেন তাঁরা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








