সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারে প্রবেশ ও বের হওয়ার জন্য নির্দিষ্ট গেট ব্যবহারের নির্দেশ দিয়েছে কোর্ট প্রশাসন। একই সঙ্গে আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে যে কাউকে তল্লাশি করতে পারবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধান বিচারপতির আদেশে এ নির্দেশনা জারি করা হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বহির্গমনের জন্য মাজার গেট এবং বার কাউন্সিল ভবনসংলগ্ন আউটার গেট ব্যবহার করতে হবে। ন্যায় সরণি গেট দিয়ে শুধু আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়া যাবে। এ গেট দিয়ে প্রবেশ করা যাবে না। অন্যদিকে, প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেট সার্বক্ষণিক বন্ধ থাকবে।
আদালত প্রাঙ্গণে প্রবেশের সময় আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা চাইলে তা দেখাতে হবে। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজন মনে করলে প্রবেশকারীদের তল্লাশি করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং প্রবেশপথে নিয়মিত নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো অনুসরণের আহ্বান জানানো হয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








