কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচিতে কোনো প্রভাব দেখা যায়নি রাজধানী ঢাকায়। অন্যদিনগুলোর মতোই স্বাভাবিক ছিল নগরীর যান চলাচল। বৃষ্টি উপেক্ষা করে দৈনন্দিন কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন নগরবাসী। দিনভর বৃষ্টির যন্ত্রণায় লকডাউন নিয়ে ভাববারই সময় হয়নি রাজধানীবাসীর। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে গোপালগঞ্জে শুরু হওয়া রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা ক্রমেই ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা নিক্ষেপ ও সড়ক-রেলপথ অবরোধের মতো ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গত ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনে দেশের বিভিন্ন জেলায় এসব সহিংসতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। ১০ দিনে দেশের ৪০টি জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীতে চলা পুলিশের ব্লক রেইড ও চিরুনি অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচি চলাকালে গতকাল বৃস্পতিবার সকাল থেকে সরেজমিনে রাজধানীর ফামর্গেট, কারওয়ান বাজার, শাহবাগ, গুলিস্তান, পল্টন, মগবাজার, মহাখালী, মিরপুর, গুলশান, বনানী, উত্তরা, হাতিরঝিল ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। কোথাও কোথাও যানজটও লক্ষ্য করা গেছে। এছাড়া সড়কে ব্যাপক গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা চলাচল করেছে অন্যান্য দিনের মতোই। কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে মানুষকে। সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। ট্রাফিক কর্মকর্তারা জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শীতের কারণে সকালে তুলনামূলকভাবে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গাড়ির চাপ বাড়েছে। এখন অন্যান্য দিনের মতোই ট্রাফিক পুলিশকে চাপ সামলাতে হচ্ছে।
এদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি দেখা যায়। শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নিতে যেতে দেখা গেছে। পুলিশের ট্রাফিক বিভাগের সূত্র জানায়, বৃষ্টির কারণে সকালে যানবাহনের চলাচল কিছুটা কম থাকলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে। বিভিন্ন সড়কে যানজট তৈরি হলে দ্রুত তা নিয়ন্ত্রণে কাজ করে ট্রাফিক সদস্যরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনৈতিক কর্মসূচি ঘিরে নানা আলোচনা থাকলেও রাজধানীর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এখন পর্যন্ত বড় কোনো ব্যাঘাত ঘটেনি। যানবাহন চলাচল, অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
অপরদিকে লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের ১৬টি জেলায় সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন দেওয়া এবং নাশকতার ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ ছাড়া কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি কাঠের দোকান থেকে প্রায় ৩০০টি লগি-বইঠা জব্দ করেছে পুলিশ। এই ১৬ জেলা হলো গোপালগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও সিলেট। এর মধ্যে গোপালগঞ্জ–১ আসনে বিএনপির এমপি সেলিমুজ্জামান মোল্লা, তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এ ছাড়া জেলার মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির এমপি সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। নাটোরে বিএনপির এক নেত্রীর দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের অভিযোগ কেন্দ্রে, ময়মনসিংহে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কক্ষে, টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভে, চাঁদপুরে ইউপি কার্যালয়ে, নেত্রকোনায় ট্রেনের বগি ও ভূমি কার্যালয়ে ও রাজশাহীতে বাস ডিপোতে আগুন দেওয়া হয়েছে। ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও সিলেটে বাসে আগুন দেওয়া হয়েছে। পাবনার সুজানগর উপজেলার একটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে নেত্রকোনা, সুনামগঞ্জ ও চট্টগ্রামে।
জানা গেছে, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের হামলা ও ভাঙচুরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিভিন্ন স্থাপনা, পুলিশ বক্স, স্মৃতিস্তম্ভ ও বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর ও পরিবর্তনের খবর প্রকাশিত হয়। একই সময়ে টুঙ্গিপাড়ায় রাজনৈতিক নেতাকর্মীদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরপর পরিস্থিতি শুধু গোপালগঞ্জের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ১৭ ও ১৮ নভেম্বর দেশের বিভিন্ন জেলায় একের পর এক সহিংসতার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অন্তত ২১ জেলায় নাশকতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কোথাও বাস ও ট্রাকে আগুন দেওয়া হয়েছে, কোথাও রাজনৈতিক নেতাদের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। আবার কোথাও থানায় হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, রেললাইন অবরোধ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তোলে।
এদিকে নারায়ণগঞ্জেও একাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও চানমারী এলাকায় বাস ও লেগুনায় আগুন দেওয়ার খবর মিলেছে। বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যালয় ও ব্যক্তিগত স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। গতকাল বৃহস্পতিবারও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার কোনো চিত্র পাওয়া যায়নি। বরং দেশের আরো কয়েকটি এলাকা থেকে নতুন করে সহিংসতার খবর আসে। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে রেললাইনে আগুন দিয়ে অবরোধের চেষ্টা, রাজশাহীর বাঘায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হাতবোমা হামলা এবং রেলপথ অবরোধের খবর পাওয়া গেছে।
রাজশাহীর বাঘায় গতকাল বেলা ১১টার দিকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সাবেক সেনা কর্মকর্তা কারাবন্দি মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশাল নগরীর বাসভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া চাঁদপুর ও ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগ, যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রলবোমা হামলা, বাগেরহাটে একটি বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও ট্রাকে আগুন এবং চট্টগ্রাম, বরিশাল, পিরোজপুর ও মাদারীপুরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বাড়ি ও স্থাপনায় হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। এসব সহিংসতার ধরন ও বিস্তার দুই দিক থেকেই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। শুরুতে রাজনৈতিক কর্মসূচি ও পাল্টাপাল্টি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলেও পরবর্তী সময়ে তা বিভিন্ন জেলার থানা, যানবাহন, রাজনৈতিক কার্যালয়, ব্যক্তিগত বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যোগাযোগ অবকাঠামো পর্যন্ত ছড়িয়ে পড়ে।
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা–আগুন
১০ নভেম্বর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৪০টি জেলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। আর পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ২৩টি। সর্বোচ্চ আটটি হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি ঘটনা ঘটেছে গাজীপুরে। গতকাল বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক ‘নোটে’ এই চিত্র উঠে এসেছে। যেসব দিনে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মসূচি ছিল।
১০ নভেম্বর ছিল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘট। এরপর আওয়ামী লীগও নানা কর্মসূচি ঘোষণা করে। গতকাল দলটির ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ কর্মসূচি ছিল। গ্রামীণ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকের বিভিন্ন শাখা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ৭২টি ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গল ও বুধবার। এর মধ্যে সর্বোচ্চ ৩০টি হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাতে। এর আগের দিন ঘটনা ঘটেছে ১৯টি। এ ছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৫৩৭, সাবেক মন্ত্রীসহ আ. লীগের ১০৭ জন
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন। তিনি বলেন, রাজধানীতে এক ধরনের ‘ব্লক রেইড ও চিরুনি অভিযান’ চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে মোট ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৬০টি মামলা হয়েছে। বুধবার গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে উত্তরার আরেকটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আগের রাত থেকেই রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি, প্রস্তুত আরও ৫ প্লাটুন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।
১৬ জেলায় ছড়িয়েছে নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বৈঠা জব্দ
গোপালগঞ্জ : লকডাউন চলাকালে গতকাল বেলা ১১টার দিকে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান মোল্লার বাড়ি এবং তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মিছিল, বিক্ষোভ ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানের মধ্যে এসব ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের সরকারি গাড়িসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।
চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারার তৈলাদ্বীপ এলাকায় বিএনপির এমপি সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে বুধবার রাতে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন দেয়। চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল ভোরে উপজেলার কালীপুর ও শেখেরখীল ইউনিয়নের দুটি পৃথক সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। একই সময় উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গাজীপুর : গাজীপুরের ভুরুলিয়া এলাকায় গতকাল দিবাগত রাত তিনটার দিকে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মাল পুড়ে গেছে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক ইউসুফ আলী বলেন, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। পরে সেখানে আগুন ধরে যায়। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নাটোর : জেলার গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের মালিকানাধীন মুদি দোকানে গতকাল ভোর পাঁচটার দিকে আগুনের ঘটনা ঘটে। উপজেলার বিয়াঘাট হাটপাড়া এলাকায় ওই নেত্রীর বাসার সামনেই দোকান দুটির অবস্থান। আগুনের ঘটনায় দোকানঘর দুটির অধিকাংশ মালামাল পুড়ে গেছে। গুরুদাসপুর থানা, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভোরে মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে নাসিমা হকের বসতবাড়ির সামনে থাকা দোকানঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ময়মনসিংহ : ভোরে ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা মীর এক্সপ্রেস নামের একটি বাসে এবং ফুলবাড়িয়া উপজেলার এক ইউপি চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম জানান, গতকাল ভোর পাঁচটার দিকে দুর্বৃত্তরা পেট্রলজাতীয় পদার্থ ঢেলে ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যানের কক্ষে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যদিকে ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ভোর পৌনে চারটার দিকে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটনা ঘটে।
টাঙ্গাইল : বুধবার রাত ১২টার পর টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকার উড়ালসড়ক থেকেও নিচের দিকে পেট্রলবোমা ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কিছু সময়ের জন্য ঢাকামুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গোড়াই হাইওয়ে থানার অদূরে মহাসড়কের সোহাগপুর এলাকায় সড়কের দক্ষিণ পাশে জুলাই স্মৃতিস্তম্ভটি অবস্থিত। রাত ১২টার পর কয়েকজন যুবক সেখানে এসে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে স্মৃতিস্তম্ভে আগুন ধরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি কাঠের দোকান থেকে প্রায় ৩০০টি লগি-বইঠা জব্দ করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের বাজারসংলগ্ন ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানটির মালিক জসিম মিয়াকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, কয়েক হাজার লগি-বইঠা তৈরির অর্ডার নিয়েছিলেন জসিম ও রনজু মিয়া দুই কাঠ ব্যবসায়ী। এর মধ্যে জসিম প্রায় ৩০০টি তৈরি করেছিলেন। পরের দিন সেগুলো সরবরাহ করার কথা ছিল। এর আগেই পুলিশ অভিযান চালায়। রনজু মিয়াকে আটক করা যায়নি। তাঁদের দুজনের বাড়িই কটিয়াদী উপজেলা সদরে।
চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউপি ভবনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বেশ কিছু আসবাব পুড়ে গেছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউপি ভবনের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ভেতরে ছড়িয়ে পড়লে বেশ কিছু আসবাব পুড়ে যায়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর জানান, রাত একটায় হেলমেট পড়া এক দুর্বৃত্ত ইউপি ভবনের একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক সেখানকার নাইট গার্ডসহ স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকালে পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে। আগুনে বাস ও ট্রাকের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বাস ও ট্রাকে থাকা আরোহীরা নিরাপদে বের হয়ে আসায় কেউ হতাহত হননি। সোনারগাঁ থানার ওসি মহম্মদ বারিক জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেয় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত। কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল মিয়া জানান, গতকাল সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কাঁচপুর সেতু এলাকায় যাত্রীসেবা পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রীবেশে বাসে উঠে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
নেত্রকোনা : নেত্রকোনায় ট্রেনে, গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া জেলা সদর ও বারহাট্টা উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। পূর্বধলার জারিয়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে জারিয়া স্টেশন থেকে একটি লোকাল ট্রেন ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটি ময়মনসিংহের বিশকা স্টেশনে পৌঁছালে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন ধরিয়ে দেয়। পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের খলিশাউড়া শাখার কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে গতকাল ভোর পৌনে চারটার দিকে। ব্যাংকের সামনের বারান্দায় দরজার কাছে ছেঁড়া কাপড় ও বস্তায় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটিতে ফচিকা ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রাজশাহী : রাজশাহীতে ‘জয় বাংলা’স্লোগান দিয়ে বিআরটিসির বাস ডিপোতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত ২টা ২৫ মিনিটে নগরের আমচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া রাতে টার্মিনালে থাকা দুটি বাসে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে একটি বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একটি বাস পুড়ে যায়। অন্যটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বুধবার রাত সোয়া ১১টার দিকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
পঞ্চগড় : পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বারান্দায় রাখা একটি চেয়ারের ওপর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। একটি টিফিনবক্স আকৃতির পাত্রের ওপর লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুটি বোমা কি না তা নিশ্চিত হতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয় পুলিশ। পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন মুঠোফোনে বলেন, ‘বস্তুটি কীভাবে সেখানে এল, তা নিশ্চিত হতে আমরা কাজ করছি। ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে ভোরের দিকে চাদর গায়ে দেওয়া এবং মুখে মাস্ক পরা একটা ছেলেকে সেখানে ঘোরাফেরা করতে দেখা গেছে। আমরা যাচাই বাছাই করে দেখছি আসলে ওই ছেলে সেখানে এটা রেখে গেছে কি না।’
রংপুর : রংপুর মহানগরীতে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোর চারটার দিকে দর্শনা রোডের বিএসটিআই কার্যালয়ের অদূরে সাজু মিয়ার গ্যারেজে ওই ঘটনা ঘটে। আগুনে পুড়িয়ে দেওয়া বাসটি শাপলা পরিবহনের। রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আনোয়ারুল হক জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসে লাগানো আগুন নেভানো হয়েছে। ততক্ষণে বাসটির বেশির ভাগ পুড়ে যায়।
সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে তাৎক্ষণিক ওই কার্যালয়ের নৈশপ্রহরী ও আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বুধবার রাত দুইটার দিকে উপজেলা পরিষদের পুকুর পাড়ে উপজেলা পরিষদের ডরমিটরি ও পশু হাসপাতালের পাশে থাকা গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় ঘটনাটি ঘটেছে। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে ওই ব্যাংকের কার্যক্রম চলছিল।
সিলেট : সিলেট নগরের চালিবন্দর এলাকায় গতকাল ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সব কটি বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, বিষয়টি নাশকতা নাকি শত্রুতাবশত কেউ করেছে, এটি পুলিশ খোঁজ করছে। মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, চালিবন্দর এলাকার সিলেট ল কলেজের পাশে চারটি মিনিবাস দাঁড় করা ছিল। ভোরে স্থানীয় লোকজন বাসগুলোতে আগুন জ্বলতে দেখে পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









