একসময় অভাব-অনটনে দুবেলা খাবার জোটানোই ছিল কঠিন। অর্থাভাবে থেমে যায় পড়াশোনা, বিয়ের পর স্বামীর সংসারেও কাটে আর্থিক অনিশ্চয়তায়। তবে দারিদ্র্যের কাছে হার মানেননি মমতাজ আক্তার। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ ও পরিবারের সহযোগিতায় আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা। নিজ বাড়িতেই গড়ে তুলেছেন বহুমুখী কৃষি ও পশুপালন খামার। এ খামার থেকে বছরে আয় করছেন প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা।
সংগ্রামী এই নারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, ২০০৮ সালে এসএসসি পাস করার পর উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন থাকলেও বাবার অভাবের সংসারে তা আর পূরণ হয়নি। পরে একই গ্রামের বেলাল হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের পরও আর্থিক সংকট পিছু ছাড়েনি। সংসারের অভাব দূর করতে নিজেই আয়ের পথ খুঁজতে শুরু করেন মমতাজ। প্রথমে বাড়িতে হাঁস-মুরগি পালন শুরু করেন। ডিম ও মুরগি বিক্রির সামান্য আয় দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
মমতাজ আক্তার বলেন, ‘বাবার সংসারে অভাবের কারণে লেখাপড়া বন্ধ হয়ে যায়। বিয়ের পর স্বামীর সংসারেও অভাব-অনটনের মধ্যে দিন কাটাতে হয়েছে। দারিদ্র্য কতটা কষ্টের, তা আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেভাবেই হোক পরিবারকে স্বাবলম্বী করব। প্রথমে হাঁস-মুরগি পালন শুরু করি। পরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে ঋণের টাকায় গরু কিনি। ধীরে ধীরে গড়ে তুলি এই খামার।’
বর্তমানে তাঁর খামারে গরু, ছাগল, হাঁস-মুরগি পালনের পাশাপাশি উৎপাদিত হচ্ছে ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট জৈব সার। রয়েছে একটি নার্সারিও। এসব উদ্যোগ থেকে বছরে তাঁর আয় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা।
তিনি আরও বলেন, বর্তমানে খামারের আয় থেকেই সন্তানের লেখাপড়া, সংসারের খরচ ও অন্যান্য পারিবারিক ব্যয় নির্বাহ করছেন। ভবিষ্যতে আরও আধুনিক ও বড় পরিসরে খামার গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।
স্থানীয়দের মতে, মমতাজের এই সাফল্য দেখে এলাকার অনেক নারীও ছোট ছোট খামার গড়ে তুলতে উৎসাহিত হচ্ছেন। তাঁর উদ্যোগ শুধু নিজের পরিবারের আর্থিক সচ্ছলতাই আনেনি, বরং অন্য নারীদের জন্যও তৈরি করেছে আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণা।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, মমতাজের সাফল্য অন্যদের জন্য অনুকরণীয়। তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম তাঁকে স্বাবলম্বী করে তুলেছে। প্রাণিসম্পদ বিভাগ থেকে তাঁকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তাঁর খামারের মাধ্যমে প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে অবদান রাখার পাশাপাশি পরিবেশবান্ধব জৈব সারও উৎপাদিত হচ্ছে।
তিনি আরও বলেন, মমতাজের মতো অন্য নারীরাও প্রশিক্ষণ ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এ ধরনের খামার গড়ে তুলে নিজেদের স্বাবলম্বী করতে পারেন।
দারিদ্র্যের সঙ্গে লড়াই করে মমতাজের এই ঘুরে দাঁড়ানো এখন গোবিন্দগঞ্জের অনেক নারীর কাছে অনুপ্রেরণার গল্প। তাঁর সাফল্য প্রমাণ করে, সুযোগ, প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রম থাকলে প্রতিকূলতাকে জয় করে স্বাবলম্বী হওয়া সম্ভব।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








