কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন—কুমারখালী উপজেলার নেয়ামতবাড়ি (বিশ্বাসপাড়া) গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. সোহানুর জামান মাসুম (৩৪) এবং একই এলাকার আব্দুল আওয়াল বিশ্বাসের ছেলে মো. দুর্জয় বিশ্বাস (৩০)।
অন্যদিকে, মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন উপজেলার রাজাপুর গ্রামের আবু বক্কর সিদ্দীক ওরফে টুলু মোল্যার ছেলে মারুফ হোসেন (২১)।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন এবং মাদক মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








