ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৫ হাজার ৭৬০ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ১৫ থেকে ২০ জনের একটি চোরাকারবারি দল মালামাল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। একপর্যায়ে ভারতের দিক থেকে মাথায় কার্টন নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে কার্টনগুলো ফেলে দ্রুত পালিয়ে যায় তারা।
পরে ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে চলতি নভেম্বর মাসেও একাধিক অভিযান পরিচালনা করেছে ২৫ বিজিবি। ব্যাটালিয়নটির তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে এ পর্যন্ত ৭ হাজার পিস ইয়াবা, ৭১ কেজি গাঁজা, ১০১ বোতল ইস্কফ, ৮১ বোতল বিদেশি মদ এবং ৮৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত এক বছরে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ মোট ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭১ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এর মধ্যে অন্যান্য চোরাচালানি পণ্যের মূল্য প্রায় ১০৭ কোটি টাকা। এসব অভিযানে ২৪ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








