শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে পাবনার চাটমোহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার কুমড়ো বড়ি তৈরির ধুম। উপজেলার বিভিন্ন এলাকার নারীরা এখন বড়ি তৈরি ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এ পেশার সঙ্গে জড়িত রয়েছেন শতাধিক পরিবার। দীর্ঘদিন ধরে কুমড়ো বড়ি তৈরি ও বিক্রি করেই এসব পরিবারের অনেকের জীবিকা নির্বাহ হচ্ছে।
চাটমোহর পৌর সদরের দোলং মহল্লায় কুমড়ো বড়ি তৈরির কর্মযজ্ঞ বেশি চোখে পড়ে। সকাল থেকে বাড়ির উঠান ও খোলা জায়গায় নারীদের ব্যস্ততা থাকে চোখে পড়ার মতো। কেউ ডাল ভাঙাচ্ছেন, কেউ চালকুমড়া মেশাচ্ছেন, আবার কেউ তৈরি করা বড়ি রোদে শুকানোর জন্য সাজিয়ে রাখছেন।
কুমড়ো বড়ি তৈরিতে খেসারি, অ্যাংকর, ছোলা ও মাসকলাইয়ের ডাল ব্যবহার করা হয়। প্রথমে ডাল কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে মিলে ভাঙানো হয়। এরপর এর সঙ্গে পাকা চালকুমড়া ভালোভাবে মিশিয়ে তৈরি করা হয় বড়ির মিশ্রণ। পরে হাতের সাহায্যে ছোট ছোট বড়ি তৈরি করে বাড়ির উঠান কিংবা খোলা জায়গায় রোদে শুকানো হয়।
শীতের খাবার হিসেবে কুমড়ো বড়ির রয়েছে বিশেষ কদর। বিশেষ করে চলনবিলের দেশি বোয়াল, শোল, টাকি, বাইম, বাতাসি ও টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে কুমড়ো বড়ি রান্না করে খেতে পছন্দ করেন ভোজনরসিকরা। স্বাদ ও ঘ্রাণে অনন্য হওয়ায় স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও এর চাহিদা রয়েছে।
দোলং মহল্লার কুমড়ো বড়ি তৈরির কারিগররা জানান, বছরের প্রায় ছয় মাস তাঁরা এ কাজ করেন। পর্যাপ্ত রোদ পাওয়া গেলে মাত্র দুই দিনেই বড়ি শুকিয়ে বিক্রির উপযোগী হয়। পরিবারের নারীরাই মূলত বড়ি তৈরির কাজ করেন। শুকানোর পর পরিবারের পুরুষ সদস্যরা স্থানীয় হাট-বাজারে সেগুলো বিক্রি করেন।
কুমড়ো বড়ির ব্যবসায়ী নিরঞ্জন ভৌমিক জানান, গত বছরের তুলনায় এবার সব ধরনের ডালের দাম বেড়েছে। বর্তমানে প্রতি কেজি খেসারি ডালের বড়ি ১৬০ টাকা, অ্যাংকর ডালের বড়ি ১৪০ টাকা এবং ছোলার ডালের বড়ি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এখনো মাসকলাই ডালের বড়ি তৈরি শুরু হয়নি। উপকরণের দাম বেড়ে যাওয়ায় এবার ক্রেতাদের বেশি দামে বড়ি কিনতে হতে পারে।
দোলং মহল্লার কুমড়ো বড়ি তৈরির কারিগর উষা রাণী ভৌমিক বলেন, ‘সংসারে অনেক খরচ। তাই বসে না থেকে কুমড়ো বড়ি তৈরি করি। ছেলে হাট-বাজারে নিয়ে তা বিক্রি করে। এতে সংসারে বাড়তি কিছু আয় হয়, যা সংসার পরিচালনায় সহায়তা করে।’
তবে এ পেশায় রয়েছে নানা প্রতিবন্ধকতাও। উষা রাণী জানান, একটানা বৃষ্টি হলে বড়ি শুকানো যায় না। অনেক সময় ভেজা আবহাওয়ায় বড়ি পচে যায়। এতে তাঁদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
বিক্রেতারা জানান, স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ঢাকা ও দেশের বিভিন্ন এলাকার মানুষ চাটমোহরের কুমড়ো বড়ি কিনে নিয়ে যান। এমনকি প্রবাসীরাও দেশে এসে বিদেশে ফেরার সময় পরিবারের জন্য সঙ্গে করে নিয়ে যান এ বড়ি। ফলে স্থানীয় চাহিদা ছাড়িয়ে চাটমোহরের ঐতিহ্যবাহী কুমড়ো বড়ি পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি প্রবাসীদের হাত ধরে বিদেশেও।
সংসারের বাড়তি আয়, নারীদের কর্মসংস্থান এবং স্থানীয় ঐতিহ্য—সব মিলিয়ে চাটমোহরের কুমড়ো বড়ি এখন শুধু শীতের খাবার নয়, অনেক পরিবারের জীবিকারও অন্যতম অবলম্বন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








