যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামির এই অধিনায়কের বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ২ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ৩৪৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এমএলএস খেলোয়াড় ইউনিয়নের সর্বশেষ বেতনসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিষয়টি প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় মেসির নিশ্চিত পারিশ্রমিক প্রায় ৮০ লাখ ডলার বেড়েছে। তবে এই হিসাবের মধ্যে শুধু ফুটবল খেলার চুক্তিভিত্তিক আয় অন্তর্ভুক্ত রয়েছে। বিজ্ঞাপন, বাণিজ্যিক চুক্তি কিংবা অন্যান্য উৎস থেকে পাওয়া অর্থ এতে যোগ করা হয়নি।
গত বছর ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে থাকার কথা রয়েছে তার।
এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। শিকাগো ফায়ারে যোগ দেওয়া এই ফরোয়ার্ডের বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।
তালিকার তৃতীয় স্থানে আছেন ফ্রান্সের আন্তোয়ান গ্রিজমান। অরল্যান্ডো সিটির এই ফুটবলারের পারিশ্রমিক ১ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার। চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিন। তাঁর বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার। পঞ্চম স্থানে থাকা আটলান্টা ইউনাইটেডের সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলোর পারিশ্রমিক ১ কোটি ৮১ হাজার ডলার।
এদিকে ক্লাবভিত্তিক পারিশ্রমিকের হিসাবেও এগিয়ে রয়েছে মেসির ইন্টার মায়ামি। দলটির খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিক ৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় স্থানে থাকা শিকাগো ফায়ারের খেলোয়াড়দের মোট পারিশ্রমিক ৪ কোটি ১২ লাখ ৯০ হাজার ডলার।
তালিকায় তৃতীয় আটলান্টা ইউনাইটেডের পারিশ্রমিক ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার। চতুর্থ স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির পারিশ্রমিক ৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার। পঞ্চম স্থানে রয়েছে লস অ্যাঞ্জেলেস এফসি, তাদের মোট পারিশ্রমিক ৩ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার।
২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ফুটবলে ব্যাপক প্রভাব তৈরি করেছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা। তাঁর উপস্থিতিতে ইন্টার মায়ামির জনপ্রিয়তা ও বাণিজ্যিক কার্যক্রমও বেড়েছে।
এমএলএসের সর্বশেষ বেতন তালিকা প্রকাশের মাধ্যমে আবারও স্পষ্ট হয়েছে, পারিশ্রমিকের দিক থেকে লিগের অন্য খেলোয়াড়দের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন মেসি। তবে তাঁর প্রকৃত মোট আয় এই প্রতিবেদনে প্রকাশিত অঙ্কের চেয়ে অনেক বেশি হতে পারে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








