সুগন্ধা নদীর ভাঙনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ থেকে চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে নারী-পুরুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিনের নদীভাঙনে দেহেরগতি ইউনিয়নের অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ঝুঁকিতে রয়েছে সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাস, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, ২৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন এবং চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। দ্রুত নদীশাসন ও টেকসই বাঁধ নির্মাণ না হলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক ও স্থানীয় সমাজকর্মী সুজন মুন্নার উদ্যোগে এবং মাইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, ইউনিয়ন জামায়াতের আমির এরশাদ হোসাইন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক ও শিক্ষক হাফেজ মমিনুল ইসলাম। এ সময় ভাঙনকবলিত পরিবারের সদস্যরাও নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন।
মানববন্ধন থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে নদীশাসন, স্থায়ী বাঁধ নির্মাণ ও সার্বিক উন্নয়নের দাবি জানানো হয়।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা জানান, উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সন্ধ্যা ও সুগন্ধা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। বিশেষ করে বরিশাল বিমানবন্দরের উত্তর প্রান্তের ক্ষুদ্রকাঠী, সরকারি আবুল কালাম কলেজ ও বাবুগঞ্জ খেয়াঘাট এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। অচিরেই ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









