নিজের কোনো জমি নেই, থাকেন অন্যের বাড়িতে ভাড়া। তবু জীবিকার লড়াইয়ে থেমে নেই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃষক মো. আব্দুল খালেক। মাত্র ২৫ হাজার টাকায় জমি লিজ নিয়ে ৩৫ শতাংশ জমিতে শিম চাষ করেছেন তিনি। এখন সবুজে ঘেরা সেই ক্ষেত ঘিরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এই কৃষক।
তাড়াশ উপজেলার ভাদাশ গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুল খালেক জীবিকার তাগিদে বর্তমানে উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামে আব্দুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। সেখানেই লিজ নেওয়া জমিতে গড়ে তুলেছেন শিমের ক্ষেত। জমি লিজ নেওয়া ও চাষাবাদ মিলিয়ে তার মোট খরচ হয়েছে ৪০ হাজার টাকা।
খেতের বর্তমান অবস্থা ও গাছের ফলন দেখে বেশ আশাবাদী খালেক। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদিত শিম বিক্রি করে প্রায় দেড় লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন তিনি। তার হিসাব অনুযায়ী, বিক্রির টাকা থেকে জমির লিজ ও চাষাবাদের খরচ বাদ দিয়েও ভালো অঙ্কের লাভ থাকবে।
শুধু খালেক নন, চলতি মৌসুমে উল্লাপাড়ার অন্যান্য শিমচাষিরাও ভালো ফলনের প্রত্যাশা করছেন। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় মোট ৪৫ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যার কারণে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমী বলেন, কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করতে মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আব্দুল খালেকের মতো পরিশ্রমী কৃষকদের হাত ধরেই এলাকার কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিজস্ব জমি কিংবা বড় পুঁজি না থাকলেও পরিশ্রম, পরিকল্পনা ও কৃষির প্রতি আগ্রহ দিয়ে যে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা যায়, আব্দুল খালেক তারই উদাহরণ। এখন তার অপেক্ষা ক্ষেতের শিম ঘরে তোলা এবং প্রত্যাশিত দাম পাওয়ার।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








