কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত একজনও রয়েছেন।
শনিবার রাতে উপজেলার শিলাইদহ, জগন্নাথপুর, পান্টিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া এলাকার মৃত আজগর আলী শেখের ছেলে আব্দুল সাত্তার শেখ (৬৫), পান্টি ইউনিয়নের ওয়াশি গ্রামের মৃত নিহাল উদ্দিনের ছেলে আব্দুল মমিন (৪৮), সদকী ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত জহর আলী শেখের ছেলে জাহাঙ্গীর আলম শেখ এবং শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের মো. ফারুক শেখের ছেলে মো. জিসান শেখ (১৯)। এ ছাড়া মহেন্দ্রপুর পূর্বপাড়া জামে মসজিদ এলাকার বাসিন্দা ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজন এবং এক বছরের সাজাপ্রাপ্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








