ইরানের সীমান্ত থেকে এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার দূরে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করলেও সেগুলো নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রের পাল্লা দ্বিগুণ করার মতো প্রযুক্তিগত সক্ষমতা ইরানের রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
রবিবার (২২ নভেম্বর) ইরানের বাসিজ বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাসেম কোরেশি এ সতর্কবার্তা দেন। দেশটির হোপ মিডিয়া কাপ উৎসবের তৃতীয় আসরে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইরানের সীমান্ত থেকে দূরে অবস্থান করলেই মার্কিন বাহিনী নিরাপত্তা পাবে—এমন ধারণা ভুল।
কোরেশির ভাষ্য, ইরানের উন্নত প্রতিরক্ষা সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী অবস্থান থেকে সরে গিয়ে দূরবর্তী ঘাঁটির ওপর নির্ভর করছে। এসব ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালানোর সম্ভাবনা বিবেচনায় নিয়ে দেশটির প্রতিরক্ষা কৌশল নতুন করে সাজানো প্রয়োজন।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের অবরোধ ভাঙতে স্থল ও সমুদ্রপথে ইরানের একটি পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ইতোমধ্যে কার্যকর কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।
ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর দাবি
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোরেশি বলেন, আগে কৌশলগতভাবে দুই হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লাকে হুমকির সীমা হিসেবে বিবেচনা করা হতো। সে অনুযায়ী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্লা বাড়ানোর চেয়ে সেগুলোর লক্ষ্যভেদ করার নির্ভুলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
তবে বর্তমান প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে সামান্য পরিবর্তনের মাধ্যমেই ক্ষেপণাস্ত্রের পাল্লা দ্বিগুণ করা সম্ভব বলে দাবি করেন তিনি।
ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোজতবা খামেনির নির্দেশনার কথা উল্লেখ করে কোরেশি বলেন, ক্ষেপণাস্ত্রের ভৌগোলিক পাল্লা ও সক্ষমতার ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ইরানের জনগণের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।
তার ভাষায়, প্রচলিত যুদ্ধের ধরন বদলে গেছে। এখন যেকোনো হুমকির প্রকৃতি অনুযায়ী তার উপযুক্ত জবাব দেওয়ার কৌশল অনুসরণ করছে ইরান।

সামরিক প্রস্তুতি নিয়ে যা বলল তেহরান
ইরানের সামরিক প্রস্তুতি প্রসঙ্গে কোরেশি বলেন, সামরিক সরঞ্জাম, অস্ত্র, গোয়েন্দা সক্ষমতা ও আঘাত হানার ক্ষমতা বাড়াতে সর্বোচ্চ নেতার দেওয়া নির্দেশনাগুলো বাস্তবায়ন করা হয়েছে।
এর আগে শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি বলেন, দেশটির সশস্ত্র বাহিনীর কাছে পর্যাপ্ত অস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুত রয়েছে।
তিনি আরও জানান, দেশটির প্রতিরক্ষা শিল্পে নিজস্ব বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে নতুন সামরিক সরঞ্জাম তৈরি করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহারের অভিজ্ঞতা এসব সরঞ্জাম উন্নয়নে কাজে লাগানো হচ্ছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








