দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, মুষ্টিমেয় কয়েকজনের জন্য দেশের উন্নয়ন থেমে থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার অপচেষ্টা প্রতিহত করা হবে। দেশের প্রচলিত আইনে কেউ বঞ্চিত হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
যুবসমাজকে বিপথগামী না হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, কালোটাকার প্রলোভন বা কারও প্ররোচনায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে কাজ করতে হবে। ‘আমরা ধনে-ধান্যে-পুষ্পে ভরা বাংলা চাই, ধ্বংসস্তূপ চাই না’—বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, ১৭ বছরে যারা অপকর্ম করেছে, তাদের মধ্যে অনুশোচনা নেই। তারা আবারও ফ্যাসিবাদী শাসনপদ্ধতি চাপিয়ে দিতে চায়। বর্তমানে রাজনৈতিক দলগুলোর মতপ্রকাশের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে গণতান্ত্রিক অধিকার চর্চার আহ্বান জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত না করার অনুরোধ করেন।

কর্মসূচিতে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








