নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে মো. সাদিপ হোসেন (সাড়ে তিন বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচাতে পরিবারের সদস্যদের আহাজারি দেখে নিজের গাড়ি বহরে করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসকদের দীর্ঘ চেষ্টার পরও শিশুটিকে বাঁচানো যায়নি।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির অবস্থা গুরুতর বুঝতে পেরে তিনি দ্রুত নিজের গাড়িতে তুলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ।
তিনি জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষ করে ফেরার পথে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের আহাজারি দেখে তিনি দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত সাদিপ হোসেন নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের মো. বকুল হোসেনের ছেলে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








