শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহ। একসময় শান্ত শহর হিসেবে পরিচিতি থাকলেও এখন তা ভয় ও আতঙ্কের আরেক নাম। আগে সন্ধ্যার পরও পাড়া-মহল্লার অলিগলিতে ছিল মানুষের স্বাভাবিক চলাচল, রাতেও নির্ভয়ে বাড়ি ফিরতেন নগরবাসী। কিন্তু সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। নগরীর ব্যস্ত সড়ক থেকে শুরু করে আবাসিক এলাকার নিরিবিলি গলি, কোথাও যেন নিরাপত্তার নিশ্চয়তা নেই। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা হীনতায় চুরি হয়েছে জানালার থাই, আকুয়া সম্পদ ভবন থেকে চুরি হয়েছে সাইকেল ও লোহার সামগ্রী। বাসাবাড়ির তালা ভেঙে চুরি, জানালা ও ভেন্টিলেটরের থাই গ্লাস খুলে নিয়ে যাওয়া, দোকানপাট ও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে নিয়মিত। যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক কিংবা যাত্রীকে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হত্যাকাণ্ড, ধর্ষণ ও মাদকসংক্রান্ত অপরাধ।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ময়মনসিংহ জেলায় ৯৬টি হত্যাকাণ্ড, ২২৫টি ধর্ষণ এবং ২৩৬টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতিমাসে গড়ে ৯টি হত্যাকাণ্ড ও ২২টি করে ধর্ষণের ঘটনা ঘটছে। একই সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ১ হাজার ২৯৬টি। এসব পরিসংখ্যান অপরাধ পরিস্থিতির ব্যাপকতা তুলে ধরলেও বিপুলসংখ্যক গ্রেপ্তার ও মাদক উদ্ধারের পরও জনমনে স্বস্তি ফিরছে না। বরং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রমের পাশাপাশি অপরাধের পুনরাবৃত্তি ঠেকানো এবং মাদকের সরবরাহ বন্ধ নিয়ে প্রশ্ন উঠছে।
নগরীর আকুয়া, গাঙ্গিনারপাড়, পাটগুদাম, ব্রিজ মোড়, চরপাড়া, কাঁচিঝুলি, কৃষ্টপুর, মিন্টো কলেজ রেলক্রসিং, সানকিপাড়া, সেহড়া, বলাশপুর ও কেওয়াটখালী এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চুরি-ছিনতাইয়ের আতঙ্ক অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। বিশেষ করে রাতে নির্জন সড়ক, রেললাইনের পাশ এবং অলিগলিতে চলাচল করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচারীরা। বাসাবাড়িতে চুরির আশঙ্কায় অনেকে বাইরে যাওয়ার আগে প্রতিবেশীদের সতর্ক করে যাচ্ছেন। কেউ কেউ মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখার পাশাপাশি বাসার নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছেন।
স্থানীয়দের অভিযোগ, জিলা স্কুলের পুরাতন ভবন, নগরীর বিভিন্ন অলিগলি, পরিত্যক্ত ভবন, রেললাইনের পাশ ও নদীর তীরবর্তী এলাকায় মাদকের আসর বসে। এসব স্থানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের কেনাবেচা চলে। সহজলভ্যতার কারণে কিশোর ও তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকছে। মাদকের টাকা জোগাড় করতে তাদের কেউ কেউ চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের। ময়মনসিংহ নগরের ব্রিজ মোড় এলাকায় সমকালের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি রানা আহমেদকে ছুরি ধরে সর্বস্ব নিয়ে যায় ছিনতাইকারীরা
গত কয়েকদিন পূর্বে দেশ টিভির ভিডিও জার্নালিস্ট রাসেল, দিনকাল পত্রিকার সাংবাদিক সাত্তারসহ আরো কয়েকজন ছিনতাইকারীর কবলে সব হারিয়েছেন। এসবের পরও আইনশঙ্খলার তেমন পরিবর্তন দেখা যায়নি বলে মন্তব্য করেন ভুক্তভোগী সাংবাদিকরা।
ময়মনসিংহ নগরের বদরের মোড়ে দুপুরবেলায় অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন বাসিন্দা রিফাত আহমেদ। কিছুক্ষণ পর যাত্রীসহ একটি অটোরিকশা এলে আরো তিনজনের সঙ্গে তাতে ওঠেন তিনি। কিন্তু কিছুদূর যাওয়ার পরই পরিস্থিতি বদলে যায়। অটোরিকশায় থাকা এক ব্যক্তি ছুরি বের করে তাকে সর্বস্ব দিয়ে দিতে বলে।
রিফাত আহমেদ বলেন, ‘‘দুপুর ১২টায় নগরীর বদরের মোড়ে অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষণ পর একজন যাত্রীসহ একটি অটোরিকশা এলে আমি আরো তিনজনের সঙ্গে তাতে উঠি। কিছু দূর যাওয়ার পর অটোরিকশায় থাকা একজন ছুরি বের করে আমাকে বলে, যা আছে সব বের কর, কোনো কথা বলবি না। ভয়ে নিজের কাছে থাকা মোবাইল ফোন, ঘড়ি ও নগদ টাকা সবকিছু তাদের দিয়ে দিই। পরে চামড়াগুদাম এলাকায় পৌঁছালে আমাকে অটোরিকশা থেকে নামিয়ে দেয়। পুলিশের কাছে যাইনি, গেলেও কোনো লাভ নেই।’’
রিফাতের এ অভিজ্ঞতা নগরীতে চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগের চিত্র তুলে ধরে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের এক চিকিৎসকও সব হারান ছিনতাইকারীর কাছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জেলায় সংঘটিত ৯৬টি হত্যাকাণ্ডে ১১১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২২৫টি ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছেন ১৭৯ জন। আর ২৩৬টি চুরি-ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫০৪ জনকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একই সময়ে জেলার ১৪টি থানায় ১ হাজার ২৯৬টি মামলা হয়েছে।
এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ৬০ জনকে। শুধু অক্টোবর মাসেই বিভিন্ন অপরাধে গ্রেফতার হয়েছেন ১ হাজার ২৭০ জন। একই মাসে মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৪৯ হাজার পিস ইয়াবা, ৬২০ গ্রাম হেরোইন, ২৭০ কেজি গাঁজা, ১ হাজার ৯১৭ লিটার দেশি মদ, ১ হাজার ১৫৩ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৯০ লিটার ওয়াশ, ১ হাজার ৫২৯ অ্যাম্পল ইনজেকশন এবং ৪ হাজার ১০৮ পিস ট্যাপেন্টাডল। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ এবং গ্রেফতারের সংখ্যা পুলিশের অভিযানের ব্যাপকতা নির্দেশ করে। তবে এত অভিযান ও গ্রেফতারের পরও মাদকের বিস্তার নিয়ে নগরবাসীর উদ্বেগ কমছে না।
চুরি-ছিনতাইয়ের শিকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আইনি জটিলতা, সময়ক্ষেপণ ও নানা ভোগান্তির আশঙ্কায় অনেকে থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা করতে চান না। কেউ সাধারণ ডায়রি (জিডি) করেই ক্ষান্ত হন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
ভুক্তভোগীদের অভিযোগ, অপরাধের শিকার হওয়ার পরও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে অনীহা তৈরি হচ্ছে। তাদের ধারণা, অভিযোগ করলেও চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা অপরাধীদের শনাক্ত করা কঠিন। এছাড়া নিয়মিত পুলিশি টহলের ঘাটতি এবং চিহ্নিত অপরাধীদের জামিনে মুক্ত হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, ‘‘ময়মনসিংহের ঐতিহ্যবাহী শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে অনতিবিলম্বে মাদকের মূল আস্তানাগুলো উচ্ছেদ করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার কঠোর অবস্থান এবং নিয়মিত পুলিশি টহল জোরদার করা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা ও নাগরিক দুর্ভোগ আরো বাড়বে।’’
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘‘মাদক ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। শুধু আইনি পদক্ষেপের মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।’’
তিনি বলেন, ‘‘মাদকের উৎস ও সরবরাহ চক্র চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত পুলিশি টহল, সিসিটিভি নজরদারি, চুরি-ছিনতাইয়ের ঘটনায় দ্রুত তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’’



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








