রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
রবিবার (২২ নভেম্বর) সকালে গোয়ালন্দঘাট থানার সোহরাব মণ্ডলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। আটক তুহিন ওই এলাকার ভানু মোল্লার ছেলে।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুহিন মোল্লা গোয়ালন্দঘাট থানার একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
আটক তুহিনকে উদ্ধার করা হেরোইনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








