সুনামগঞ্জের মধ্যনগরে খেলাধুলার উন্নয়ন ও তরুণ প্রজন্মের জন্য আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে গলইখালী খেলার মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তরের দাবি উঠেছে। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন গলইখালী স্পোর্টিং ক্লাবের নেতারা।
রবিবার (২২ নভেম্বর) ক্লাবের সভাপতি অসীম সরকার ও সাধারণ সম্পাদক রবিন সরকার স্বাক্ষরিত আবেদনটি জমা দেওয়া হয়। এর অনুলিপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, সিলেটের বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।
আবেদনে বলা হয়, গলইখালী ও আশপাশের এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম কেন্দ্র ঐতিহ্যবাহী এ মাঠ। দীর্ঘদিন ধরে এখানে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন গ্রামীণ খেলা ও স্থানীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। তবে সংস্কার ও অবকাঠামোর অভাবে মাঠটি দিন দিন খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ছে। বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে নিয়মিত অনুশীলন ও টুর্নামেন্ট আয়োজন ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় মাঠে সীমানাপ্রাচীর, দর্শকদের জন্য গ্যালারি, প্যাভিলিয়ন ভবন, পানি নিষ্কাশনব্যবস্থা ও প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন ক্লাব নেতারা। তাদের মতে, সরকারি প্রকল্পের আওতায় মাঠটি মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা, নিয়মিত অনুশীলন ও নতুন খেলোয়াড় তৈরির সুযোগ বাড়বে। পাশাপাশি তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও খেলাধুলা ভূমিকা রাখবে।
ক্লাবের সভাপতি অসীম সরকার বলেন, গলইখালীসহ আশপাশের এলাকার তরুণদের খেলাধুলার জন্য মাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা সীমাবদ্ধতার মধ্যেও এখানে দীর্ঘদিন ধরে খেলাধুলা চলছে। মাঠটি মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হলে নতুন প্রজন্মের খেলাধুলার সুযোগ বাড়বে এবং এলাকার ক্রীড়াঙ্গন আরও প্রাণবন্ত হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায় বলেন, গলইখালী খেলার মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তরের দাবিতে একটি আবেদন পেয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








