সুপারি ও কলা চুরির অভিযোগে কোমরে লোহার শিকল বেঁধে, গলায় সুপারি ও কলার ছড়া ঝুলিয়ে এক বৃদ্ধকে রাস্তায় ঘোরানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার মেয়ে। পিরোজপুরের জিয়ানগরের বৃদ্ধ রুহুল আমিন আকনকে অপমানজনকভাবে ঘোরানোর এ ঘটনায় তিনজনকে বিবাদী করা হয়েছে। এদিকে ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তাঁকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম বৃদ্ধ রুহুল আমিনের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন ও ইউপি সদস্য মো. মজনু হোসেন রনি উপস্থিত ছিলেন।
রোববার সকালে প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম জানান, জেলা প্রশাসকের নির্দেশে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি রুহুল আমিনকে পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, ২০ নভেম্বর রুহুল আমিনের মেয়ে কুলসুম বেগম ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেন। এতে আঃ হালিম (৬০), মো. জব্বার (৫৫) ও নেয়ামত উল্লাহ (২০) নামের তিনজনকে বিবাদী করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বৃদ্ধকে আটকে রাখা, মারধর এবং অপমানজনকভাবে রাস্তায় ঘোরানোর অভিযোগ আনা হয়েছে। অভিযোগে হালিম ও জব্বারকে কালাইয়া এবং নেয়ামত উল্লাহকে খোলপটুয়া এলাকার বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর রাতে সুপারি চুরির অভিযোগে রুহুল আমিনকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তাঁদের ভাষ্য, রাত আনুমানিক একটার দিকে প্রতিবেশী হালিম সিকদারের বাগান থেকে এক ছড়া সুপারি পাড়ার সময় তার ভাই জব্বার সিকদার রুহুল আমিনকে ধরে ফেলেন। এরপর তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এ সময় মারধরের শিকার হওয়ার অভিযোগও করেন বৃদ্ধ।
পরদিন সকালে কোমরে শিকল বাঁধা অবস্থায় তার গলায় একটি কলার ছড়া ও একটি সুপারির ছড়া ঝুলিয়ে পার্শ্ববর্তী খা-এর হাট এলাকায় ঘোরানো হয়। পরে পুলিশের কাছে দেওয়ার প্রস্তুতিকালে স্থানীয় নাসির উদ্দিন তাদের কাছ থেকে রুহুল আমিনকে ছাড়িয়ে নেন বলে পরিবারের দাবি।
রুহুল আমিনের স্ত্রী মিনারা বেগমের অভিযোগ, তার স্বামীর কাছে ১০ হাজার টাকা জরিমানা দাবি করা হয়েছিল। পরে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ছাড়িয়ে নেওয়া হয়। তার দাবি, স্বামী মানসিকভাবেও সুস্থ নন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সন্তানদেরও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে।
নিজের ওপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে রুহুল আমিন বলেন, “আমারে বাইন্ধা রাখছে, মারছে। গলায় কলা ঝুলাইয়া, সুপারি ঝুলাইয়া সব জায়গায় ঘুরাইছে, ভিডিও করে ভাইরাল করছে।” এ ঘটনার জন্য তিনি হালিম হুজুর ও জব্বারকে দায়ী করেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হালিম সিকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলার জন্য বাসার সামনে অপেক্ষা করতে বলেন। পরে তার ভাইয়ের ছেলে এবং ইন্দুরকানী সদর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান সিকদার ফোন করে দাবি করেন, তাদের পরিবারের কেউ রুহুল আমিনকে মারধর করেননি। তার ভাষ্য, রুহুল আমিন পেশাদার চোর এবং চুরি করতে গিয়ে ধরা পড়ার পর স্থানীয়রা তাকে বেঁধে রেখেছিলেন। তবে এভাবে বেঁধে রাস্তায় ঘোরানো ঠিক হয়নি বলেও তিনি স্বীকার করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ঘটনার একটি ভিডিও দেখার পর তিনি ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছিলেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








