বরিশালের বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির বর্ষীয়ান নেতা অধ্যক্ষ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দিনব্যাপী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকালে বরিশাল ইসলামিয়া কলেজে শায়িত অধ্যক্ষ ইউনুস খানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে তার আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এবং জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিকেলে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় দলীয় নেতাকর্মীদের ঢল নামে। বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল হোসেন খান।
প্রয়াত এই নেতার স্মৃতিচারণ করে আবুল হোসেন খান বলেন, “অধ্যক্ষ ইউনুস খান ছিলেন সততা, আদর্শ ও ন্যায়নীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। অন্যায় ও আপসহীনতার প্রশ্নে তিনি ছিলেন অবিচল। নতুন প্রজন্ম ও দলীয় নেতাকর্মীদের জন্য তাঁর রাজনৈতিক দর্শন ও অবদান চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে।”
সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জেলা বিএনপির এই সভাপতি আরও বলেন, “গণঅভ্যুত্থানে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি আজ মরিয়া হয়ে উঠেছে। গোপালগঞ্জে তারা যে ষড়যন্ত্রের জাল বুনেছিল, নিজেরাই তাতে আটকা পড়েছে। দেশের মানুষ তাদের পুরোপুরি প্রত্যাখ্যান করেছে; কিন্তু তারা দেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য নাসির হাওলাদার, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, রুহুল আমিন জোমাদ্দার, মাসুদ হাওলাদার ও স্বপন শিকদার এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলিম জোমাদ্দার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহ আলম।
এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে এনায়েত হোসেন খান বিপু, আতাউর রহমান রোমান, সাইদুর রহমান রুবেল জোমাদ্দার, তোফাজ্জেল হোসেন মনির, মাহমুদ খান সুমন, নেয়ামুল হক নাহিদ, রাকিব তালুকদার, রুহুল আমিন হাওলাদার, জসিম হাওলাদার, আরিয়ান আহমেদ রনি এবং জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
সবশেষে মরহুম অধ্যক্ষ ইউনুস খানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








