আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি ফিডার শাখায় প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করতে লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর। আর ‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে ১৭ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের ১৮ ডিসেম্বর এবং ‘সি’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর।
ভর্তি পরীক্ষায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে—বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রচলিত নীতিমালা অনুযায়ী কোটা নির্ধারণ করা হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









