কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে রাখা বস্তা থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
রবিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) জানতে পারে, দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) সহযোগীদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর সি ব্লকের সাব-ব্লক সি-১২-সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে একটি ইজিবাইকে অবস্থান করছেন।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে রুবেল ও অজ্ঞাতপরিচয় তিন-চারজন ইজিবাইকের পেছনের যাত্রী বসার স্থানে একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে এসব বিস্ফোরক ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা গ্রেনেডের মধ্যে সাতটি সাধারণ এবং ছয়টি এজিএল গ্রেনেড। এ ছাড়া ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি ম্যাগাজিন ও পুরোনো ইজিবাইকটি জব্দ করা হয়।
এসআরবি-১৫ জানায়, গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিবহন ও সংরক্ষণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে সেগুলো ধ্বংসের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়। পরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫ (নন-জিআর) ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখাকে বিস্ফোরকগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করার নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী শনিবার শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








