ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট।
শনিবার (৭ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের মতো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে পার্লামেন্টে সবচেয়ে বড় জোট হিসেবে উঠে আসে নেতানিয়াহুর ধর্মীয়-জাতীয়তাবাদী জোট। দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন। নির্বাচনে তার জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
সাবেক সেনাপ্রধান আইজেনকট অবশ্য আরব দলগুলোর সঙ্গে জোট গড়তে রাজি হননি। অথচ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে এসব দলের সমর্থন তার জন্য গুরুত্বপূর্ণ। নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী মিত্রদের নীতিকে বর্ণবাদী মনে করে ক্ষুব্ধ আরব নেতারা শেষ পর্যন্ত সরকার গঠনের প্রথম সুযোগ আইজেনকটকেই দেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন। ফলে অন্য প্রার্থীদের তুলনায় তার পক্ষে বেশি সমর্থন জমা পড়ে।
প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের মুখপাত্র এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্টের বাসভবনে আইজেনকটকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে আগামীকাল তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, ‘এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময়। আমরা যেন নিজেদের দায়িত্ব পালনের যোগ্য প্রমাণ করতে পারি, তা নিশ্চিত করতে আমি যথাসাধ্য চেষ্টা করব।’
সরকার গঠনের পথ কঠিন আইজেনকটের
আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হলেও এ প্রক্রিয়া সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। সরকার গঠনের জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
ক্ষমতায় যাওয়ার জন্য আইজেনকটের সামনে কয়েকটি পথ খোলা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ে আরব দলগুলোর ভোটের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন করতে পারেন তিনি। অতীতে যেসব অতি-রক্ষণশীল ইহুদি দলের সঙ্গে তিনি ও তার মিত্ররা জোট করতে চাননি, তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করতে পারেন। এ ছাড়া নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের পথও রয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, এই তিনটি পথের কোনোটিই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুব বেশি নয়।
আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে অন্য একজন প্রার্থীকে একই দায়িত্ব দেওয়া হতে পারে। তিনিও ব্যর্থ হলে পার্লামেন্টের সদস্যরা আরেকজনকে মনোনীত করতে পারবেন। পুরো প্রক্রিয়া শেষ করার জন্য প্রায় ১০০ দিনের সময়সীমা রয়েছে। এই সময়ের মধ্যে কেউ সরকার গঠন করতে না পারলে ইসরায়েলে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতার সমালোচক
৬৬ বছর বয়সী আইজেনকট মরক্কো থেকে আসা অভিবাসীদের সন্তান। তিনি ইসরায়েলের মিজরাহি সম্প্রদায়ের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন। মিজরাহি ইহুদিদের পূর্বপুরুষদের শিকড় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায়।
সংযত স্বভাবের ও গণমাধ্যম থেকে দূরে থাকতে পছন্দ করা আইজেনকট ২০২২ সালে রাজনীতিতে যোগ দেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন। পরে বিরোধী শিবিরে ফিরে যান।
বিরোধী দলে থাকাকালে নেতানিয়াহুর নেতৃত্ব এবং গাজায় সামরিক অভিযান পরিচালনার সমালোচনা করেন তিনি। নেতানিয়াহুর সঙ্গে কোনো সরকারে যোগ দেবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
২০২৩ সালের পর থেকে আইজেনকটের পরিবারও যুদ্ধের ভয়াবহ মূল্য দিয়েছে। গাজায় লড়াইয়ের সময় তার এক ছেলে ও দুই ভাতিজা নিহত হয়েছেন।
নির্বাচনী প্রচারে নিজের সামরিক অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন আইজেনকট। ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ২০০৬ সালের যুদ্ধে তিনি ইসরায়েলি বাহিনীর কমান্ডার ছিলেন। ওই সময় তার অনুসৃত ‘দাহিয়েহ ডকট্রিন’ অনুযায়ী, হামলার জবাবে ব্যাপক ও অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগের নীতি তুলে ধরেন তিনি।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতারও সমালোচনা করেছেন আইজেনকট। ২০২৩ সালের পর থেকে এ ধরনের সহিংসতা বেড়েছে, যা পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কে উত্তেজনা তৈরি করেছে। নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোটসঙ্গী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচেরও বিরোধিতা করেন তিনি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে পশ্চিমা কয়েকটি দেশ তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









