প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৬২ রকমের ফল নিয়ে উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রীও বিতরণ করা হয়।
রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন, শিক্ষক, ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাকিবুল ইসলাম রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের আন্দোলন ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আয়োজন তাকে মুগ্ধ করেছে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে প্রাণবন্ত করেছে। এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের উদ্যোগে এ ফল উৎসবের আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতেই এ উদ্যোগ।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী আয়োজনের চিন্তা থেকেই ৬২ রকম ফলের উৎসব ও ক্রীড়াসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দল-মতনির্বিশেষে সব শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের আয়োজনগুলো শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, প্রথম যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার এবং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, রাশেদ, অনিক, নাহিয়ান বিন অনিক ও পরাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








