বগুড়ার ধুনটে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে আট আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে, বুধবার সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮), কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওসমান গনি বলেন, ‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। চক্রটি বিভিন্ন জেলা থেকে এসে বড় ধরনের চুরি করে দ্রুত অন্য এলাকায় পালিয়ে যেত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের সঙ্গে স্থানীয় কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।’’
নৈশপ্রহরী সুলতান হোসেন জানান, ডিউটি শেষে বাড়ি যাওয়ার পর ভুলে ফেলে যাওয়া একটি জিনিস নিতে সকাল সোয়া আটটার দিকে আবার মার্কেটে আসেন। এ সময় পিঠে ব্যাগ ঝোলানো ৮ থেকে ১০ জনকে মার্কেট থেকে বের হতে দেখেন। সন্দেহ হওয়ায় ভেতরে গিয়ে তিনি মাসুদ টেলিকমের শাটারের তালা ভাঙা দেখতে পান।
পরে দোকানমালিক এসে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই।
ঘটনার পরপরই অভিযানে নামে পুলিশের বিশেষ দল। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চক্রটি ধুনট থেকে শেরপুর বাসস্ট্যান্ডে গিয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠে।
পুলিশ দ্রুত বাসটির পিছু নেয়। একই সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশের সহযোগিতা চাওয়া হয়। পরে সকাল সোয়া ১০টার দিকে বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় পৌঁছালে তল্লাশি চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে থাকা ৯৪টি চুরি হওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘‘গ্রেপ্তার ব্যক্তিরা মূলত দেশের বিভিন্ন এলাকা থেকে এসে চুরির ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যেত। চক্রটির সঙ্গে স্থানীয় কোনো অপরাধী জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’’
এ ঘটনায় দোকানমালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেছেন।
বৃহস্পতিবার বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হোসাইন মুহাম্মদ রায়হান।
তিনি জানান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









