ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ২১ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। তাদের মধ্যে ১৮ জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় তিনটি মাছ ধরার ট্রলার ও জাল জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার মহিষখালী মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। নদীতে মাছ ধরার সময় ২১ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে ১৮ জনকে কারাদণ্ড দেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. শিপন (৩২), মো. সজিব (১৯), মো. কাশেম (৩৩), মো. ফয়সাল (২৫), মো. সোহাগ (২৫), নুর ইসলাম (২৫), আকবর (২০), মো. রাশেদ (২০), মনির (২৮), মো. আইয়ুব (২৮), ইব্রাহীম মাঝি (৫২), মো. রফিক (৪০), মো. শরীফ (২৮), মো. হাফিজ (৩৪), মো. মাকসুদ (৪৮), মো. শাহাদাত (২০), মো. ফারুক (৬৫) ও মো. কামাল (৬২)। তাঁদের বাড়ি তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায়।
অভিযানে জব্দ করা জাল শশীগঞ্জ মৎস্যঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনটি ট্রলার মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বর্তমানে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলে রাতের আঁধারে নদীতে মাছ শিকার করছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ইউএনও মো. বনি আমিন বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









