বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমবায় পণ্য মেলার মধ্য দিয়ে বগুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, বগুড়ার যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান এবং বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এইচ. এস. মাফতুন আহম্মেদ খান রুবেল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং দেশীয় পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর তারা গুরুত্ব দেন।
সমবায় পণ্য মেলায় বিভিন্ন উদ্যোক্তা তাদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন করেন। উদ্যোক্তারা জানান, এ ধরনের আয়োজন পণ্যের পরিচিতি বাড়ানো, গুণগত মান তুলে ধরা এবং নতুন ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









