সকাল থেকে কখনো মুষলধারে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি। বৈরী আবহাওয়ায় কমেছে মানুষের চলাচল, বন্ধ রয়েছে অনেকের কাজ। তবে যাদের প্রতিদিনের আয়ের ওপর নির্ভর করে সংসার, তাদের ঘরে বসে থাকার সুযোগ নেই। পেটের দায়, সন্তানের পড়াশোনার খরচ ও ঋণের কিস্তি পরিশোধের তাগিদে বৃষ্টির মধ্যেই জীবিকার সন্ধানে পথে নেমেছেন পিরোজপুরের মঠবাড়িয়ার নিম্ন আয়ের মানুষ।
শনিবার (২১ নভেম্বর) মঠবাড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে অটোরিকশা চালাচ্ছেন চালকেরা। কেউ রাস্তার পাশে ফলমূল ও কাঁচামাল নিয়ে বসেছেন বিক্রির আশায়। তবে বৃষ্টির কারণে যাত্রী ও ক্রেতার উপস্থিতি কম। অন্যদিকে কাজ না পেয়ে অনেক কৃষিশ্রমিককে অলস সময় কাটাতে হচ্ছে।
অটোরিকশাচালক ছিদ্দিক হোসেন বলেন, ‘মাথার ওপর কিস্তির চাপ। ঘরে বসে থাকলে তো আর কিস্তির টাকা জোগাড় হবে না। তাই বৃষ্টির মধ্যেই বের হয়েছি। কিন্তু যাত্রী অনেক কম। আজ কিস্তির টাকা জোগাড় করতে পারব কি না, তা নিয়েই চিন্তায় আছি।’
একই পরিস্থিতি গুলিসাখালী ইউনিয়নের কাঁচামাল বিক্রেতা আবুল হোসেনের। বৃষ্টির মধ্যেও ফলমূল নিয়ে বসেছেন তিনি। কিন্তু ক্রেতা নেই বললেই চলে। আবুল হোসেন বলেন, ‘বৃষ্টির দিনে বেচাকেনা খুব কম হয়। তবু ছেলের প্রাইভেট পড়ার খরচ ও পরিবারের ভরণপোষণের টাকা জোগাড় করতে দোকানে বসতে হয়েছে। কিন্তু ক্রেতা নেই বললেই চলে।’
নিম্ন আয়ের এসব মানুষের কাছে এক দিনের আয় বন্ধ হওয়া মানেই সংসারে বাড়তি সংকট। প্রতিদিনের উপার্জনেই চলে পরিবারের খাবার, সন্তানের পড়াশোনা ও নিত্যপ্রয়োজনীয় খরচ। এর সঙ্গে রয়েছে ঋণের কিস্তি পরিশোধের চাপ। ফলে বৃষ্টিতে কাজ ও আয় কমে যাওয়ায় দুশ্চিন্তাও বাড়ছে তাদের।
প্রতিকূল আবহাওয়া, কমে যাওয়া যাত্রী-ক্রেতা আর সংসারের বাড়তি চাপ—সবকিছুর সঙ্গে লড়াই করেই দিন পার করছেন মঠবাড়িয়ার শ্রমজীবী মানুষ। বৃষ্টি তাদের কাজের গতি কমিয়ে দিলেও জীবিকার তাগিদে থেমে থাকার সুযোগ নেই।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








