টানা দুই দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে কেটে রাখা আমন ধান তলিয়ে গেছে। কোথাও পাকা ধান কাটাই শুরু করা যাচ্ছে না, কোথাও কাটা ধান পড়ে আছে পানির নিচে। এমন পরিস্থিতিতে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নাটোরের সিংড়া উপজেলার কৃষকেরা। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
সরেজমিনে উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে ডুবে আছে কেটে রাখা আমন ধানের গোছা। অনেক জমিতে পাকা ধান কাটার অপেক্ষায় রয়েছে। জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও ঘরে তোলা—দুই কাজেই বাধা তৈরি হয়েছে।
উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক বলেন, ‘জমির ধান পেকে যাওয়ায় বৃষ্টির পূর্বাভাস পেয়ে দ্রুত কাটার উদ্যোগ নিয়েছিলাম। শ্রমিকদের বেশি টাকা দিয়েও ধান কাটাচ্ছিলাম। ১০ বিঘা জমির মধ্যে চার বিঘার ধান ঘরে তুলতে পেরেছি। বাকি ছয় বিঘার ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।’
ডাহিয়া ইউনিয়নের কৃষক আশরাফুল ও নুরুল ইসলাম জানান, ধান পেকে গেলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাটার কাজ শুরু করতে পারছেন না তারা। দ্রুত আবহাওয়া ভালো না হলে জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিংড়ায় চলতি মৌসুমে প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমেছে। এতে কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আগামী এক-দুই দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এতে কৃষকদের তেমন ক্ষতি হবে না।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








