তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘‘বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বিবেচনায় একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে জনজীবন ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখতে হবে, আগুন সন্ত্রাসীরা কোনো দলের নয়, তারা দেশ ও জনগণের শত্রু। তাদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।’’
শনিবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘আপনারা পোশাকধারী সরকারি লোক। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কার্যক্রমের খবর পেলে ফোনে বার্তা পাঠিয়ে একত্রিত হয়ে তা প্রতিহত করবেন এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। পাশাপাশি গুজব ও অপপ্রচার থেকে বিরত থেকে সঠিক তথ্য প্রচারে সবাইকে সচেতন থাকতে হবে। দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায়ে রাখতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য গ্রামের প্রতিটি এলাকায় কারা আসছে বা কারা যাচ্ছে, কোথায় সন্দেহজনক তৎপরতা চলছে। এসব বিষয়ে গ্রাম পুলিশকে খোঁজখবর রাখতে হবে। সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত ইউনিয়ন পরিষদ, থানা-পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা করা সবার দায়িত্ব।’’
এ সময় গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘‘১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের স্বীকৃতি দিয়েছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। যাতায়াত ভাতা ৩০০ থেকে ৫০০ টাকা এবং পেনশন ভাতা ৮০ হাজার থেকে ১ লাখ টাকা করা হয়েছে।’’
এ সময় থানা-পুলিশের সক্ষমতার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নান্দাইল থানার ১৩টি ইউনিয়নে পুলিশ সদস্য আছেন ৬০ থেকে ৬৫ জন। কিন্তু আপনারা গ্রাম পুলিশ সদস্যদের সংখ্যা ১৩০ জন। এজন্য গ্রাম পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে এলাকার সকল মানুষের সাথে সুসম্পর্ক রাখলেও মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের পুলিশের হাতে তুলে দিতে হবে।’’
সভায় প্রধান গ্রাম পুলিশ আব্দুস ছাত্তার প্রায় ৩ থেকে ৪ মাস পরপর বেতন-ভাতা পাওয়ার ভোগান্তির কথা তুলে ধরে নিয়মিত বেদন-ভাতা দেওয়ার দাবি জানালে জবাবে প্রতিমন্ত্রী বিষয়টি জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপনের আশ্বাস দেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক বাবু পল্লব রায়, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপজেলার ১৩ ইউনিয়নের ১২১ জন গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








