গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে (২৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ তাঁর সহযোগী মো. রবিন আহম্মেদকে (২২) আটক করা হয়েছে।
গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকায় অভিযান চালিয়ে ইমরান শেখকে গ্রেপ্তার করে জেলা ডিবি।
শুক্রবার (২০ নভেম্বর) শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে রবিন আহম্মেদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রবিন শ্রীপুর উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকার মো. মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, রবিনের বিরুদ্ধে অস্ত্র আইনে শ্রীপুর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। ইমরানের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। রবিনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা বিচারাধীন।
পরে ইমরান ও রবিনকে আদালতে সোপর্দ করা হলে; আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








