পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে দিনভর সংঘর্ষ হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলা এ সংঘর্ষে টেঁটা, বল্লম, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সন্ধ্যার দিকে সংঘর্ষ থামলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বেড়া পৌর এলাকার স্যানালপাড়া ও বৃশালিখায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তা বৃশালিখা, স্যানালপাড়া, সওদাগরপাড়াসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হন। এ সময় পুলিশের দিকেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখায় শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির সামনে খড়ের পালায় আগুন দেওয়া হয়। পরবর্তী সময়ে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এসব ঘটনার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিন ধরে পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। দুই পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ধারাবাহিকতায় শনিবার নতুন করে সংঘর্ষ বাধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে গেলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিএনপি-সমর্থিত কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সংবাদকর্মী লাঞ্ছিত হন এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
ওসি নয়ন কুমার সরকার বলেন, সংঘর্ষ কিছুটা থেমেছে। খবর পেলেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আহতের সংখ্যা এখনো জানা যায়নি।
পুলিশ সুপার আবু আশরাফ বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।
দিনভর সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি অব্যাহত রয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









