আর্থিক অসচ্ছলতা দমাতে পারেনি উচ্চশিক্ষার স্বপ্ন। প্রতিকূলতার মধ্যেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামের কনা রানী। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে তার পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের উদ্যোগে কনা রানীকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। সাবেক বরগুনা প্রেসক্লাব সভাপতি সোহেল হাফিজের সার্বিক প্রচেষ্টায় এ সহায়তার ব্যবস্থা করা হয়।
কনা রানী ওই গ্রামের গৌতম হাওলাদারের মেয়ে। পরিবারের আর্থিক সংকটের মধ্যেও কঠোর অধ্যবসায় ও ইচ্ছাশক্তির জোরে তিনি জিপিএ-৫ অর্জন করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, মেধা ও যোগ্যতা আর্থিক অসচ্ছলতার কারণে থেমে থাকা উচিত নয়। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সমাজ ও রাষ্ট্রের সবাইকে এগিয়ে আসতে হবে। কনা রানীর মতো শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে জেলা প্রশাসন আন্তরিক। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক অমিনেষ বিশ্বাস, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমীন, বরগুনা প্রেস ক্লাব সভাপতি সোহেল হাফিজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








