চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলসহ পাঁচ উপজেলায় টানা অসময়ের বৃষ্টিতে পাকা আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জমিতে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কোথাও কোথাও জমিতে পানি জমে থাকায় ধান পচে যাওয়া ও অঙ্কুরোদ্গমের শঙ্কা তৈরি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জেলার পাঁচ উপজেলায় বিভিন্ন ফসলের ৭৭৫ হেক্টর আবাদি জমি আক্রান্ত হয়েছে। জেলায় মোট ৪০ হাজার ৬৮০ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। গত ২২ নভেম্বর জেলায় গড়ে ২৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গোমস্তাপুরে সর্বোচ্চ ৪৫ মিলিমিটার, ভোলাহাটে ৩২, নাচোলে ১৭, শিবগঞ্জে ১৫ এবং চাঁপাইনবাবগঞ্জ সদরে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
জেলার নাচোল, গোমস্তাপুর, শিবগঞ্জ, ভোলাহাট ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাব পড়েছে আমন ধানের মাঠে। সরেজমিনে দেখা গেছে, কোথাও কেটে রাখা ধান পানিতে ডুবে আছে, কোথাও ভেজা ধান কাদা-মাটির সঙ্গে মিশে গেছে। দীর্ঘ সময় ভিজে থাকলে ধানের রং কালচে হয়ে যেতে পারে। এতে ধানের গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
কৃষকেরা জানান, দীর্ঘ ছয় মাসের পরিশ্রম, সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ শেষে পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তাঁরা। অনেকেই এনজিও ও স্থানীয় মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ধান চাষ করেছেন। ফসল বিক্রি করে ঋণ পরিশোধ ও সংসারের খরচ চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু ধান কাটার মৌসুমে টানা বৃষ্টিতে তাঁদের সেই পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।
ধানের পাশাপাশি খড় নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। বৃষ্টির পানিতে খড় ভিজে পচে গেলে আগামী দিনে গবাদিপশুর খাদ্যসংকট দেখা দিতে পারে। অন্যদিকে ধান কাটার শ্রমিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বেশি মজুরি দিয়েও প্রয়োজন অনুযায়ী শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন। উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন এবং ভিজে যাওয়া ধান উঁচু ও শুকনো স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুর রহমান জানান, টানা বৃষ্টিতে জেলার পাঁচ উপজেলায় বিভিন্ন ফসলের ৭৭৫ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আকাশ পরিষ্কার হলে আক্রান্ত ফসল স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।
কৃষকদের দাবি, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র দ্রুত নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভিজে যাওয়া ধান শুকানো ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। অন্যথায় আমন ধানের ক্ষতি তাঁদের কৃষি উৎপাদন, ঋণ পরিশোধ ও পারিবারিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








