ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লাকে হত্যার ঘটনায় পাঁচ দিন পর মামলা হয়েছে। মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রোববার (২২ নভেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজু মোল্লা মোটরসাইকেলে করে ভাঙ্গার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে হামিরদী বাসস্ট্যান্ডে পৌঁছালে আসামিরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য নিক্সনের নির্দেশনা ও অর্থায়নে হাইওয়ে মহাসড়ক অবরোধ করে মশাল জ্বালান এবং দেশীয় অস্ত্র নিয়ে রাজুর ওপর হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা রাজুকে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে সড়কের ওপর বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় অন্য হামলাকারীরা রাজুর মোটরসাইকেলসহ আরও দুটি মোটরসাইকেলে আগুন দেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণ ও চলন্ত বাস ভাঙচুরসহ নাশকতা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাজুকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, তিনি সারাদিন ফরিদপুর আদালতে ছিলেন। মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন বলে শুনেছেন। বিস্তারিত জেনে পরে জানাবেন। ভাঙ্গায় নাশকতার ঘটনায় ২৫ জনকে আটকের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে থানার ওসি বিস্তারিত জানাতে পারবেন।
ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, রাজু হত্যা মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। আগে আটক ব্যক্তিদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া নতুন করে গ্রেপ্তার চারজনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে গত শনিবার কৃষকদল নেতা রাজু মোল্লার গ্রামের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
এ সময় রাজুর পরিবারের পাশে থাকার পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








