‘সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।
রবিবার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সমবায় পণ্যের মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে কর্মসূচির শুরুতে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, উদ্যোক্তা, সমবায় সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
র্যালি শেষে সমবায় পণ্যের স্টল ও মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর অতিথিবৃন্দ মেলার ১৫ টি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সমবায়ভিত্তিক উৎপাদিত পণ্য ও উদ্যোক্তাদের বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন-হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালার সভাপতিত্বে সভায় সমবায়ের গুরুত্ব, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশ এবং সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্বাবলম্বী সমাজ গঠনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) শিকদার হাসান ইমাম, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(উপসচিব) (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ‘সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি যদি সমবায়ভিত্তিক কার্যক্রমের পরিসর আরও সম্প্রসারিত করা যায়, তবে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।’
তিনি আরো বলেন , সমবায়ের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয় এবং উৎপাদক ও উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে বেশি লাভবান হতে পারেন।
দিনব্যাপী এই আয়োজনে জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, উদ্যোক্তা এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









