অসময়ের টানা চার দিনের বৃষ্টিতে রবি শস্য সরিষা ও শীতকালীন সবজি নিয়ে শঙ্কায় পড়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৃষকেরা। নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিভিন্ন কৃষিজমিতে পানি জমেছে। এতে সরিষার আবাদ ও শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। তবে এ পরিমাণ বৃষ্টিতে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
গতকাল রোববার সকালে উপজেলার বিভিন্ন কৃষিজমি ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে কিছু কিছু জমিতে পানি জমে আছে। চলনবিল অধ্যুষিত এ অঞ্চলে বন্যার পানি নেমে যাওয়ার পর জমি কিছুটা শুকিয়ে গেলে সরিষার বীজ বপন করেন কৃষকেরা। কিন্তু অসময়ের বৃষ্টিতে নতুন করে বপন করা সরিষার বীজ ও ছোট গাছ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে বিভিন্ন জাতের সরিষা আবাদ করেছেন প্রান্তিক কৃষকেরা। কৃষকদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে জমিতে পানি জমে সরিষার চারা নষ্ট হতে পারে। পাশাপাশি শীতকালীন সবজিরও ক্ষতি হতে পারে।
কৃষকেরা জানান, এর আগে বৃষ্টিতে অনেকের সরিষার বীজ নষ্ট হয়েছিল। পরে নতুন করে জমি প্রস্তুত করে আবার বীজ বপন করতে হয়েছে। এখন আবার টানা বৃষ্টি শুরু হওয়ায় নতুন করে বীজ বপন করতে হলে বাড়তি খরচের চাপ সামলানো কঠিন হবে। অন্যদিকে জমিতে থাকা বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, মিষ্টিকুমড়া, শিম, টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজির ক্ষেতও পানিতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান বলেন, চলমান বৃষ্টি নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এ পরিমাণ বৃষ্টিতে ফসলের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। তবে কিছুদিন আগে বপন করা ছোট সরিষা গাছের গোড়ায় পচন ধরতে পারে। অন্যদিকে যেসব জমি আগে শুকিয়ে গিয়েছিল, সেসব জমিতে এ বৃষ্টির কারণে ভালো ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে কাজ করছেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








