দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। রাজনৈতিক কর্মসূচি ঘিরে মাঠে পাল্টাপাল্টি অবস্থান, হরতাল-অবরোধের আহ্বান আর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই উত্তেজনাকে কাজে লাগিয়ে একটি চক্র রাতের আঁধারে বেছে নিচ্ছে সহজ টার্গেট- চলন্ত বাস, দাঁড়িয়ে থাকা বাস, ব্যাংকের শাখা আর সরকারি স্থাপনা। তাদের উদ্দেশ্য, মানুষের মাঝে আতঙ্কে তৈরি করা। গত শনিবার রাতেও আগুন দিয়ে, পেট্রলবোমা ছুড়ে তারা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালায়। আর এই আগুনের বলি হচ্ছেন সাধারণ যাত্রী, বাস মালিক, চালক-হেলপার আর ব্যাংকের নিরীহ কর্মচারীরা। এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং পরিকল্পিত নাশকতা দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী আরো জানায়, সে কারণেই একদিকে যেমন গ্রেফতার চলছে, অন্যদিকে জেলায় জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বাসে থাকা দুজন যাত্রী দ্রুত নেমে যান। পরে বাসচালক ও তাঁর সহকারী আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ নিয়ে দুই রকম বক্তব্য পাওয়া গেছে।
শিমরাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বাসচালকের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, দুজন ব্যক্তি যাত্রীবেশে বাসে ওঠার কিছুক্ষণ পর আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে আর কোনো যাত্রী ছিলেন না। অন্যদিকে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, ঢাকা থেকে কাঁচপুর আসার পথে বাসে দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা নেমে পড়েন। বাসচালক ও তাঁর সহকারী কাউকে আগুন দিতে দেখেননি। যান্ত্রিক ত্রুটিতেও বাসটিতে আগুন লাগতে পারে বলে মনে করছেন এই পুলিশ পরিদর্শক। অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটি, বিষয়টি তদন্ত করছে পুলিশ।
মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে ঠাটাঙ্গা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভূঁইয়া পরিবহনের বাসটি ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত। বাসটির মালিক আবু জাফর ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা। যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় চার-পাঁচ দিন ধরে বাসটি সেখানে রাখা হয়েছিল। শনিবার রাত ১২টার দিকে বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তাঁরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ফাইটার সজিব বিশ্বাস জানান, পুড়ে যাওয়া বাসটিতে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নাশকতার মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিশ্চিতে পুলিশ কাজ করছে।
মাদারীপুর: মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। রাতে ব্যাংক বন্ধ থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুলে হালতি বিলের ওয়াচ টাওয়ারের নিচে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে তিনটার দিকে হালতিবিলের ওয়াচটাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে ব্যাগটিতে তল্লাশি চালিয়ে ছয়টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়। তবে কে বা কারা এই ককটেলগুলো এই জায়গায় রেখে গেছে, তা জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি।
গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি, ছয় জেলায় ৯৫ প্লাটুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন এবং ঢাকাসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গতকাল রবিবার বিজিবি সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।এতে বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে ৯৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। এক প্লাটুনে থাকেন ২০ থেকে ৩০ জন বিজিবি সদস্য, আর এক ব্যাটালিয়নে থাকে ২৭ থেকে ৩০ প্লাটুন বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা কাজ করছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
নড়াইল: যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার ‘নাশকতার পরিকল্পনার’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার দুই দিন বাদে শুক্রবার কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অর্ধশতাধিক ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় কয়েকজন বলেন, হামলাকারীরা ৩০-৩৫টি বাড়ির অর্ধশত ঘর ভাঙচুর, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করে। আর পুলিশের দাবি, যে দুই বিএনপি নেতা হত্যার শিকার হয়েছেন, তাদেরই স্বজনরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছে। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে আছে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, তাৎক্ষণিকভাবে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
পাবনা: পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার রাতে জেলা পুলিশের এক আদেশে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে পাবনা সদরের পরিদর্শক গোলাম মোস্তফাকে। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, প্রশাসনিক কারণে ওসি নয়ন কুমারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এর কিছুক্ষণ পরই বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় অগ্নিসংযোগ করা হয়। পরে উভয়দলের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে এদিন সকাল থেকে পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় বিক্ষোভ শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ ঘটনার প্রতিবাদে সওদাগরপাড়া ও আশপাশের এলাকা থেকে বিএনপি নেতা-কর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন। দুপুরের দিকে স্যানালপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মুহূর্তেই তা বৃশালিখা এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক কর্মী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত জিসান (১৫) নামের এক কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে কয়েক দিনের সহিংসতা ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় বেড়া পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








