জমি ও সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে নতুন বাজারমূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বাজারমূল্যের তালিকা প্রস্তুত করে নিবন্ধন অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সর্বনিম্ন মৌজা রেটের পরিবর্তে বাজারমূল্যে জমি ও ফ্ল্যাটের দলিল নিবন্ধনের সিদ্ধান্ত আবাসন খাতে নতুন সংকট তৈরি করতে পারে।
আবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, সম্পত্তির নতুন বাজারমূল্য কার্যকর হলে আরো সংকটে পড়বে আবাসন খাত। এমনিতেই নানা চাপে বিপর্যস্ত রিয়েল এস্টেট খাতের জন্য এটি যেন সংকটের ওপর নতুন আঘাত। সরকার নির্ধারিত কমিটির মাধ্যমে বাজারমূল্য নির্ধারণ এবং একই মৌজার ভিন্ন ভিন্ন এলাকায় ক্লাস্টারভিত্তিক মূল্য নির্ধারণের উদ্যোগ বাস্তবে কতটা স্বচ্ছ, নিরপেক্ষ ও বাস্তবসম্মত হবে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এ ধরনের সিদ্ধান্তের ফলে জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে সাধারণ ক্রেতাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। নতুন ফ্ল্যাট কেনার আগ্রহ কমবে এবং আবাসন খাতে বিনিয়োগ নিরুৎসাহিত হবে। একই সঙ্গে জমি কেনাবেচা ও ফ্ল্যাট হস্তান্তরে অনাগ্রহ বাড়লে অনানুষ্ঠানিক লেনদেন এর প্রবণতাও বাড়তে পারে। এর নেতিবাচক প্রভাব পড়বে আবাসন শিল্পের পাশাপাশি সরকারের রাজস্ব আয়েও।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, ‘শুধু আবাসন খাত নয়। যারা এক টুকরো জমি কিনতে চায় অথবা মাথা গোঁজার ঠাঁই চায় তারা হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পাশাপাশি আবাসন ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হবেন।’ তিনি আরো বলেন, ‘এখন এক কোটি টাকার জমি কেনা মানে আরো ১৫ লাখ টাকা যুক্ত করতে হবে। সাধারণ মানুষ আর জমি কিনতে পারবে না। যারা ক্রেতা তাদের বাজেট বেড়ে যাবে। পাশাপাশি আমরা যারা ডেভেলপার আমাদের ব্যবসাটা বসে যাবে। আমাদের ব্যবসা বসে যাওয়া মানে প্রায় ২৭০টি লিংডিন ইন্ডাস্ট্রি আছে, সেখানে লাখ লাখ মানুষ জীবিকার তাগিদে কাজ করে জীবিকা নির্বাহ করে। আবাসন ব্যবসায় ধস নামলে তারাও পথে বসে যাবে।
একজন আবাসন ব্যবসায়ী মানে শুধু একজন আবাসন ব্যবসায়ী নন। প্রান্তিক পর্যায়ের যে কারিগর বা উৎপাদকরা একদম সাধারণ উপকরণ—যেমন গুনা (তার) বা মূলি বাঁশ তৈরি করেন, তারাও কিন্তু আমার প্রতিষ্ঠানের সাথে জড়িত। বড় বড় যে প্রতিষ্ঠান আছে তার মধ্যে টাইলস, ক্যাবল, সিমেন্ট ইন্ডাস্ট্রিজ আছে পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য বিভিন্ন ধরনের পণ্য আমাদের প্রয়োজন হয়। বিভিন্ন আমদানি পণ্য লিফট ও জেনারেটর থেকে শুরু করে সবকিছুই কিন্তু আবাসন ব্যবসার সাথে সংশ্লিষ্ট। এই ব্যবসাটা বসে যাওয়া মানে অন্যান্য মানুষ কর্মহীন হবে, জমি কেনাবেচা বন্ধ হয়ে যাবে। সরকার যে স্বপ্ন দেখছে মূল্যবৃদ্ধি করে প্রচুর রাজস্ব আদায় করবে, সেটি আদায় তো হবেই না বরং মুখ থুবড়ে পড়বে।’
তিনি আরো বলেন, ‘আমি জানি না যারা নীতিনির্ধারক রয়েছেন তারা কোন পলিসিতে এই সিদ্ধান্তটি নিয়েছে। আমি বলব, আমার একটা ছোট্ট কোম্পানি। আমি যদি গত ১৫ বছরের পরিসংখ্যান করি, সর্বনিম্ন পর্যায়ের কর দিচ্ছি এখন। গত বছরে আমি একটা কোম্পানি থেকে ১০ থেকে ১২ কোটি টাকা কর দিয়েছি। সেই কোম্পানির বিপরীতে এখন মাত্র ৫০ লাখ টাকা কর দিতে পারছে না। এখানে কিন্তু সরকারের লাভ হয়নি বরং লস হয়েছে।’ শিগগির এসব বিষয়ে রিহ্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে যৌক্তিক দাবি তুলে ধরবেন বলে জানান তিনি।
দাবির মধ্যে কোন কোন বিষয় থাকবে- জানতে চাইলে আব্দুর রাজ্জাক জানান, ‘দাবির মধ্যে যদি সরকার বাজারমূল্যে নিট ভ্যালু করতে চায় তাহলে রেজিস্ট্রি খরচ কমাতে হবে। অর্থাৎ এখন যেটা আছে সেটা কমিয়ে ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনতে হবে। সেখানেও একটা সমস্যা আছে, বর্তমানে স্বচ্ছভাবে আয় করে জমি কেনা অনেক কঠিন। মূলত এই জমি কিনছে সাধারণ মানুষ যারা দেশের বাইরে রয়েছে তারা তাদের পরিবারকে শহরে রাখতে জমি বা ফ্ল্যাট কিনছেন। এটা একটা শ্রেণির মানুষ। এর বাইরে যারা বিভিন্ন মাল্টি কোম্পানি বা ব্যাংক-বীমায় মোটামুটি বেতনের চাকরি করেন তারা কিছু টাকা জমিয়ে বাকি টাকা ঋণ নিয়ে জমি কেনেন। আরা যারা বাংলাদেশের মধ্যস্বত্বভোগী তারা এই জমির ব্যবসায় বিনিয়োগ করেন।
সরকারের এই আইনটা যদি বহাল থাকে তাহলে আমি খুব আত্মবিশ্বাসের সাথে বলতে পারি একটা সময় কানাডায় বেগমপাড়া হয়েছে, এখন বাংলাদেশের কালো টাকা দেশের বাইরে চলে যাবে। আর এই দেশের মানুষ বাজার করে বাজারটা ঘরে নিয়ে যেতে পারবে না। রাস্তা থেকে মানুষ কেড়ে নেবে। প্রতিদিন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে- এটা সরকারকে বিবেচনা করতে হবে। মাথায় রাখতে হবে দেশ পরিচালনা করতে হলে ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে। তাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে, তবেই বাংলাদেশ ঘুরে যাবে।
আর যদি সরকার তার নীতিনির্ধারক যারা রয়েছে তারা যদি মনে করে এই পদ্ধতিতে গেলে রাজস্ব আয় বৃদ্ধি পাবে আমরা বলব যে রাজস্ব আয় তো বৃদ্ধি পাবেই না বরং রাজস্ব আয় তলানীতে নেমে যাবে ও সরকার চরমভাবে বিপাকে পড়বে। সুতরাং আমাদের দাবি, হয় রেজিস্ট্রেশন খরচ কমাতে হবে অথবা যেটা বহাল আছে সেটা রাখতে হবে। সেটা সিদ্ধান্তে আসতে হবে। এখন আপনি ১৫ শতাংশ হারে ট্যাক্স ধরে দিয়েছেন আবার বাজারমূল্য নির্ধারণ করেছেন, আসলে এখানে বাজারমূল্য কারা নির্ধারণ করবে। যারা বাজারমূল্য নির্ধারণ করবে সেখানেও একটা বাণিজ্য হবে।
এ বিষয়ে জানতে চাইলে নর্থসাউথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী বলেন, সরকারের রাজস্ব আদায় অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আবাসন খাতকে শুধু রাজস্ব আহরণের উৎস হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং নিবন্ধন ব্যয় যৌক্তিক ও সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হবে। তাতে লেনদেন বাড়বে, সাধারণ মানুষের আবাসনের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং সরকারের রাজস্ব আয়ও দীর্ঘমেয়াদে বাড়বে।
নিবন্ধন অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, গত ১০ নভেম্বর সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত বিধিমালায় বাজারমূল্য নির্ধারণ কমিটির কাঠামো ও মূল্য নির্ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, বিভাগীয় ও জেলা পর্যায়ের বাজারমূল্য নির্ধারণ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্ট্রার। উপজেলা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলার সাব-রেজিস্ট্রার।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২৬ সালের জন্য নির্ধারিত স্থাবর সম্পত্তির শ্রেণিভিত্তিক বাজারমূল্য তালিকার কার্যকারিতা আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। ফলে নতুন মূল্যতালিকা নির্ধারণ ও অনুমোদনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন। এ অবস্থায় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলার স্থাবর সম্পত্তির মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এসব তালিকা মহাপরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠাতে হবে। অনুমোদিত নতুন মূল্য তালিকা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে একযোগে সারাদেশে কার্যকর হবে। এতে বলা হয়েছে, জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের জরুরি ভিত্তিতে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে এবং পত্র যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
গত ১০ নভেম্বর জারি করা সংশোধিত বিধিমালায় জমির বাজারমূল্য নির্ধারণে আগের নিবন্ধিত দলিলের মূল্য ছাড়াও স্থানীয় বাজারদর, সাম্প্রতিক কেনাবেচা, জমির অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা এবং গণশুনানিতে পাওয়া তথ্য বিবেচনার বিধান করা হয়েছে। একই মৌজার বিভিন্ন বৈশিষ্ট্যের জমির জন্য একাধিক ক্লাস্টার করে পৃথক বাজারমূল্য নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। নতুন ব্যবস্থায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিন স্তরের কমিটি জমির বাজারমূল্য নির্ধারণ করবে। আগে জেলা রেজিস্ট্রারের নেতৃত্বাধীন কমিটি এ দায়িত্ব পালন করত।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জমি ও স্ট্যাম্প কর থেকে সরকার ১১ হাজার ৭৫৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। সংশোধিত বিধিমালায় ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ফলে কমিটিগুলোকে এখন ন্যূনতম মূল্য নয়, সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করতে হবে। এ কাজের জন্য তিন স্তরে কমিটি গঠন করা হবে। সিটি করপোরেশন এলাকার জমির মূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। এর সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার। পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির মূল্য নির্ধারণ করবে জেলা কমিটি। এ কমিটির নেতৃত্বে থাকবেন জেলা প্রশাসক (ডিসি)। আর এসব এলাকার বাইরে অন্যান্য স্থানের জমির মূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি। এর সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রতিটি কমিটিতে প্রশাসন, গণপূর্ত, স্থানীয় সরকার, ভূমি, কর এবং সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা থাকবেন।
জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, সড়ক যোগাযোগ এবং অন্যান্য অবকাঠামোগত সুবিধা বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করবে কমিটিগুলো। এ ছাড়া সরকারি মূল্যায়ন, নিবন্ধিত দলিলে সাম্প্রতিক জমি কেনাবেচার তথ্য এবং স্থানীয়ভাবে অনুসন্ধান ও গণশুনানির মাধ্যমে পাওয়া বাজারদরও বিবেচনায় নেওয়া হবে। কমিটিগুলোকে এমন মূল্যতালিকা তৈরি করতে হবে, যা তিন বছর কার্যকর থাকবে। মেয়াদ শেষ হওয়ার আগে বিদ্যমান মূল্য পর্যালোচনা করে নির্ধারিত প্রক্রিয়ায় নতুন তালিকা তৈরি করতে হবে। দলিলে উল্লেখ করা সম্পত্তির মূল্য ও প্রকৃত বাজারমূল্যের মধ্যে পার্থক্য থাকলে কিভাবে মূল্য নির্ধারণ করা হবে, সংশোধনীতে তাও স্পষ্ট করা হয়েছে।
নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সংশোধিত বিধিমালা অধিদপ্তর জারি করলেও এ বিষয়ে তাদের কোনো মতামত নেওয়া হয়নি। মন্ত্রণালয় থেকে মূলত এটি তাদের দেওয়া হয়েছে। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও মুন্সীগঞ্জের জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান বলেন, সংশোধিত সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালার উদ্যোগটি ইতিবাচক হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় দুর্নীতি ও প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে।
বিশেষ করে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে কমিটি করে বাজার মূল্য নির্ধারণ করা হলে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। সম্পত্তির প্রকৃত বাজারমূল্যে দলিল নিবন্ধন নিশ্চিত করা গেলে সরকারের রাজস্ব বাড়বে এবং কালো টাকা গোপন করার সুযোগ কমবে। ডিজিটাল নিবন্ধনব্যবস্থা চালু হলে দলিলের মূল্য ও ব্যক্তির আয়কর নথিতে থাকা বৈধ সম্পদের তথ্য মিলিয়ে দেখা সম্ভব হবে। এতে অবৈধ অর্থ দিয়ে সম্পদ অর্জন ও অর্থনৈতিক বৈষম্য কমানো যাবে। তিনি বলেন, বাজারমূল্য নির্ধারণ কমিটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নেই। গণশুনানিতেও ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব কাজ করার আশঙ্কা রয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, নিয়মিতভাবে বাজারদরের ভিত্তিতে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হলে কর আদায় বাড়তে পারে। একই সঙ্গে করব্যবস্থায় ন্যায্যতা নিশ্চিত করাও সহজ হবে। তিনি বলেন, বাজারভিত্তিক মূল্য নির্ধারণের ফলে করের বোঝা কমানোর যে দাবি রয়েছে, তা পূরণেরও সুযোগ তৈরি হতে পারে। তবে এ সংস্কার শুধু জমি কেনাবেচার করের মধ্যে সীমাবদ্ধ না রেখে আয়কর ও সম্পত্তি করসহ সামগ্রিক করব্যবস্থায় সম্প্রসারণ করা উচিত বলে মনে করেন তিনি।
স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সম্পত্তি কেনাবেচার প্রক্রিয়া ডিজিটাল করার পাশাপাশি আয়কর, সম্পত্তি কর এবং অন্যান্য তথ্যভাণ্ডারের মধ্যে সমন্বয় গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। এ উদ্যোগকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশ্বব্যাংকের সঙ্গে চলমান আধুনিকায়ন কর্মসূচি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৃহত্তর সংস্কার আলোচনার অংশ করার আহ্বান জানান তৌফিকুল। তার মতে, রাজস্ব আদায় জোরদার এবং করের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে মধ্যমেয়াদি সংস্কারের দিকে নজর দিতে হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








