ঘন কুয়াশার কারণে টানা আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনসহ চারটি ফেরি আটকা পড়ে। একই সঙ্গে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েন যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকেরা। এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রী, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকদের ভোগান্তিতে পড়তে হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ১০ মিনিটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সোমবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








