বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। নতুন দায়িত্ব পাওয়ার পর কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে সঙ্গে নিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তারেক রহমান নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব হয়েছেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
নতুন কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
শ্রমিক রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন শিমুল বিশ্বাস শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি, কর্মপরিবেশের উন্নয়ন এবং শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নতুন দায়িত্বের মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত হলো।
নতুন নেতৃত্বের সামনে আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল ও সম্মেলন আয়োজনের পাশাপাশি শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের বিষয়গুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে রয়েছে।
সৌজন্য সাক্ষাৎ শেষে নবগঠিত কমিটির নেতারা তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তাঁর রাজনৈতিক অনুসারী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








