পাবনার বেড়ায় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। রোববার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে এ বহিষ্কারকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের অনুমোদনক্রমে জেলা বিএনপির দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মো. আলাউদ্দিন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মঈন উদ্দীন খাজাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে মঈন উদ্দীন খাজার অনুসারীদের দাবি, গত ১৮ থেকে ২১ নভেম্বর বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে তিনি নেতাকর্মীদের নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নে বাধা দিতেও তাঁকে নেতৃত্ব দিতে দেখা গেছে। তাঁদের ভাষ্য, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা একজন ত্যাগী নেতাকে এভাবে বহিষ্কার করা অন্যায়।
তাঁরা দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, দাবি মেনে নেওয়া না হলে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
বহিষ্কারের বিষয়ে মঈন উদ্দীন খাজা এশিয়া পোস্টকে বলেন, ‘গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে লকডাউন করতে না পারে, সেই লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছিলাম। প্রতিটি জায়গায় তাদের প্রতিহত করেছি। ১৮, ১৯ ও ২০ নভেম্বর পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বেড়ায় আসেননি। ২১ নভেম্বর তিনি প্রশাসনকে সঙ্গে নিয়ে বেড়া উপজেলায় আসেন। কেন এর আগে বেড়ার আন্দোলন ঠেকাতে তাঁদের ভূমিকা ছিল না, এ বিষয়ে প্রতিবাদ করায় আমাকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি জাতীয়তাবাদী দল করি। জীবনের একবিন্দু রক্ত থাকা পর্যন্ত বিএনপি করব। আমি কারও পৈতৃক দল করি না, কোনো এমপির দলও করি না। আমি তারেক রহমানের দল করি, মরহুম বেগম খালেদা জিয়ার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আজীবন বিএনপি করে যাব, ইনশাআল্লাহ।’
এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার এশিয়া পোস্টকে বলেন, ‘ওখানে তো লেখাই রয়েছে কী কারণে বহিষ্কার করা হয়েছে। নতুন করে বলার কিছু নেই।’
এদিকে গত কয়েক দিন ধরে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে উভয় পক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শনিবার বেলা ১১টা থেকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যার পর পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হলেও তাঁদের সঠিক সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








